ওনানা-বায়িন্দির ব্যর্থতায় নতুন গোলরক্ষকের সন্ধানে ইউনাইটেড
বেলজিয়ামের সেন লামেন্সকে কিনতে প্রিমিয়ার লিগের ক্লাবটি এক কোটি ৮১ লাখ পাউন্ড দিতে রাজি বলে খবর।
ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টে যেন কেউ থিতু হতে পারছেন না। আন্দ্রে ওনানা কিংবা আলতাই বায়িন্দি, দুজনকেই সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু কেউ প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সেখানে এবার নতুন সংযোজন হতে পারেন সেন লামেন্স। এই বেলজিয়ান গোলরক্ষককে দলে নেওয়ার চেষ্টা করছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি, খবর গণমাধ্যমের।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পেতে আগ্রহী ইউনাইটেড, কদিন ধরে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে বৃটিশ গণমাধ্যমগুলোর খবর, অ্যাস্টন ভিলার মার্তিনেস নন, বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে ২৩ বছর বয়সী লামেন্সকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিচ্ছে ইউনাইটেড।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লামেন্সকে কিনতে ইউনাইটেড এক কোটি ৮১ লাখ পাউন্ড দিতে রাজি।
গণমাধ্যমের খবর সত্যি হলে, ইউনাইটেডের পোস্টে প্রতিযোগিতা আরও বাড়বে নিশ্চিত।
২০২৩ সালের নভেম্বরে অ্যান্টওয়ার্পের হয়ে অভিষেকের পর থেকে, দলটির হয়ে ৬০ ম্যাচে খেলে ১২টি ম্যাচে জাল অক্ষত রেখেছেন লামেন্স।
