২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিসহ বিশ্বকাপজয়ী দলের ১৭ জনকে নিয়ে আর্জেন্টিনার এবারের দল

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভালেন্তিন বার্কো, নিকোলাস পাস, জুলিয়ানো সিমেওেনে, হোসে মানুয়েল লোপেসদের সামনে।

মেসিসহ বিশ্বকাপজয়ী দলের ১৭ জনকে নিয়ে আর্জেন্টিনার এবারের দল
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 08:42 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

মহাতারকা লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। কাতারে শিরোপা জয় করা দলটির ১৭ জনকে উত্তর আমেরিকা আসরে রেখেছেন তিনি। 

৩৮ বছর বয়সী মেসি ষষ্ঠবারের মতো খেলবেন বিশ্বকাপে। এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এন্সো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেসরা আছেন এবারও। 

গোলরক্ষকদের মধ‍্যে কোনো চমক নেই। রক্ষণে জায়গা হয়নি অভিজ্ঞ মার্কুস আকুনার, তার জায়গা ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রিভার প্লেটের হয়ে দারুণ সময় কাটানো আকুনার দলে না থাকাটা বড় চমক হয়েই এসেছে। মার্কুস সেনেসিকে টপকে সেন্ট্রাল ডিফেন্ডারের শেষ জায়গাটা নিয়েছেন লিওনার্দো বালের্দি।

চোটের জন‍্য গত আসরে খেলতে নাা পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো জায়গা পেয়েছেন এবার। জায়গা হয়নি রেয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর ও অ‍্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো এমিলিয়ানো বুয়েন্দিয়ার।

তৃতীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেস। তার মতোই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন ভালেন্তিন বার্কো, নিকোলাস পাস ও জুলিয়ানো সিমেওেনে।

গত আসরের দলে ডাক পেলেও চোটের জন‍্য বিশ্বকাপ শুরুর তিন দিন আগে ছিটকে যান নিকো গন্সালেস। এবারও ডাক পেয়েছেন এই উইঙ্গার। অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়নি আনহেল দি মারিয়াকে।

আগামী সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক‍্যাম্প। প্রস্তুতির সময়টায় যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। আগামী ৬ জুনের ম‍্যাচে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। ৯ জুন মেসিরা খেলবেন আইসল‍্যান্ডের বিপক্ষে।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের চতুর্থ শিরোপার জন‍্য লড়াই শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুস্সো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, নাহুয়েল মোলিনা, গন্সালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, রদ্রিগো দে পল, এন্সো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস, থিয়াগো আলমাদা, নিকোলাস গন্সালেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস।