২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা ধরে রাখার অভিযানে নেমেই হার মোহামেডানের, কিংসের হোঁচট

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে দুই অর্ধে দুই রকম বসুন্ধরা কিংসের দেখা মিলল।

শিরোপা ধরে রাখার অভিযানে নেমেই হার মোহামেডানের, কিংসের হোঁচট
ফর্টিসের বিপক্ষে মোহামেডান ম্যাচ জুড়েই ছিল বিবর্ণ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে ধারহীন ফুটবল খেলল মোহামেডান। ‘দুর্বল’ ফর্টিস এফসির বিপক্ষে হেরে গেল আলফাজ আহমেদের দল। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার মোহমেডানকে ২-০ গোলে হারায় ফর্টিস। দুটি গোলই দ্বিতীয়ার্ধে করেন পা ওমার বাবু। 

৬১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

সমর্থকদের হতাশ করেছে আরেক ফেভারিট বসুন্ধরা কিংসও। প্রথমার্ধে ভালো করলেও, পরের ভাগের বিবর্ণতায় পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দুই গোল হজম করে ২-২ ড্র করেছে সবশেষ পাঁচ লিগে চারবার চ্যাম্পিয়ন হওয়া কিংস। 

আক্রমণাত্মক শুরু করে কিংস এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। সতীর্থের থ্রু পাস মাঝমাঠের একটু ওপর ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন তিনি। তাকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক অনিক আহমেদ। তাকে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ফাহিম।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। ৬৮তম মিনিটে আকোবির তুরায়েভের স্পট কিক থেকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পিডাব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চার মিনিট পর ম্যাচে সমতা ফেরান ফয়সাল আহমেদ আকাশ। পাল্টা আক্রমণে মিনহাজুল আবেদিন স্বাধীনের ক্রসে বল পেয়ে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। বাকিটা সময় স্কোরলাইন ধরে রেখে শক্তিশালী কিংসকে রুখে দেওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পিডাব্লিউডি।

দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে পাওলো এনরিকের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লিগে শুভসূচনা করেছে বাংলাদেশ পুলিশ।