২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ঝটকায় নভেম্বরে গেল নতুন মৌসুম

সব ভেন্যু প্রস্তুত না হওয়ায় ক্লাবগুলোর দাবি মেনে ২০২৪-২৫ মৌসুম শুরুর দিনক্ষণ পিছিয়ে দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 08:25 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

আবারও পেছাল ২০২৪-২৫ মৌসুম শুরুর সময়। সব ভেন্যু প্রস্তুত না হওয়ায় ক্লাবগুলোর দাবি মেনে নতুন মৌসুম আগামী নভেম্বরের শেষ দিকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুরুতে ৪ অক্টোবর মৌসুম শুরুর কথা ছিল। এক দফা পিছিয়ে দিনক্ষণ নির্ধারিত হয় ১১ অক্টোবর, কিন্তু সেটিও হচ্ছে না। 

এখন নভেম্বরের ‘শেষ দিকে’ বলা হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি মঙ্গলবারের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, সব ভেন্যু প্রস্তুত না হওয়ায় মৌসুম শুরুর ক্ষণ পিছিয়ে দিয়েছেন তারা।

“বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে যে সমস্ত ভেন্যুগুলোকে আমরা আসন্ন মৌসুমের জন্য মনোনীত করেছিলাম, সেগুলোর বেশ কয়েকটি এখনও প্রস্তুত হয়নি।”

“যেহেতু মাঠগুলো এখনও খেলার উপযোগী অবস্থায় আসেনি, তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে এই মৌসুমে যেটা ১১ অক্টোবর শুরুর কথা ছিল, সেটা নভেম্বরের শেষ দিকে শুরুর সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আশা করছি, ক্লাবগুলো ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে সবগুলো ভেন্যু প্রস্তুত করে ফেলতে পারব।”

এবার বাফুফে ঘরোয়া তিনটি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হবে। এরপর দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি আয়োজন করবে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ। 

গত সেপ্টেম্বরের মাঝামাঝি বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম- এই তিনটি মাঠ চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন ইমরুল। ওই সময়ই তিনি বলেছিলেন, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের ভেন্যু বিবেচনায় রাখার কথা।