লেভানদোভস্কির শূন্যতা পূরণ করা খুব কঠিন হবে, জানিয়ে দিলেন দেকো
তবে চলে যাওয়া আরেক ফরোয়ার্ড ফেররান তরেসের ঘাটতি ইতোমধ্যে পূরণ হয়েছে বলেই মনে করেন ক্লাবটির ক্রীড়া পরিচালক।
দলে একজন নাম্বার নাইনের প্রয়োজনের কথা আগেও বেশ কয়েকবার বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। নতুন মৌসুম শুরুর প্রাক্কালে বললেন আবারও। তবে ক্লাবটির ক্রীড়া পরিচালক দেকো সরাসরিই বললেন, চলে যাওয়া তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির বিকল্প পাওয়া খুব কঠিন হবে।
ব্যক্তিগত ও দলগতভাবে কাম্প নউয়ে বেশ সফল চারটি বছর কাটিয়ে গত মৌসুম শেষে বিদায় নেন লেভানদোভস্কি। দলটির হয়ে তিনটি লা লিগাসহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন তিনি এবং এসব সাফল্যে অনেক বড় ভূমিকা ছিল তার। বার্সেলোনার জার্সিতে ১৯৩ ম্যাচে ১২০টি গোল ও ২৪টি অ্যাসিস্ট করেছেন এই পোলিশ ফরোয়ার্ড।
এবারের গ্রীষ্মে দল ছেড়ে গেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেসও। তিনি লেভানদোভস্কির মতো গোলমুখে অতটা সফল না হলেও, দলের কৌশলে গুরুত্বপূর্ণ একজন ছিলেন। ২০২২ সালের শুরু থেকে ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে ৬৫টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করে পাড়ি জমিয়েছেন পিএসজিতে।
একসঙ্গে আক্রমণভাগে এমন দুটি শূন্যতা পূরণ হওয়াটা বেশ ভাবাচ্ছে কোচ হান্সি ফ্লিককে। বুধবার জুয়ান গাম্প্যার ট্রফি জয়ের পর অবশ্য তিনি আশা প্রকাশ করেন, তার ক্লাব বিকল্প খুঁজে বের করবে।
“আমরা এমন একজন খেলোয়াড়ের খোঁজে আছি এবং এজন্য দেকো খুব ভালো কাজ করছে। আমি চোখ বন্ধ করে তার ওপর ভরসা করতে পারি।”
তবে প্রতিপক্ষের বুঁকে কাপন ধরানো এবং একাই ম্যাচের ফল গড়ে দিতে সক্ষম লেভানদোভস্কির বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে, জানিয়ে দিয়েছেন দেকো।
“আক্রমণভাগে আমরা দুইজন খেলোয়াড়কে হারিয়েছি, লেভি ও ফেররান। আমার মনে হয়, (এবারের গ্রীষ্মে) এখন পর্যন্ত আমরা যেসব খেলোয়াড় চুক্তিভুক্ত করেছি, তাতে ফেররান চলে যাওয়ায় তৈরি হওয়া সমস্যার সমাধান হয়ে যাবে।
“রবের্তের শূন্যতা পূরণ করা খুব কঠিন। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া আসলেই কঠিন।”
আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।
