২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্দ্রিককে ধৈর্য ধরতে ও প্রস্তুত থাকতে বললেন আলোন্সো

রেয়াল মাদ্রিদে শাবি আলোন্সোর কোচিংয়ে এখনও খেলার সুযোগ না পাওয়া তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানুয়ারিতে নতুন ঠিকানায় যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এন্দ্রিককে ধৈর্য ধরতে ও প্রস্তুত থাকতে বললেন আলোন্সো
এন্দ্রিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

রেয়াল মাদ্রিদের আরও একটি ম্যাচ, আবারও পুরোটা সময় বেঞ্চে। শাবি আলোন্সোর কোচিংয়ে ম্যাচ খেলার অপেক্ষা বেড়েই চলেছে এন্দ্রিকের। স্বাভাবিকভাবে তার মনে ভর করেছে হতাশা। সুযোগের জন্য তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধৈর্য ধরার বার্তা দিয়েছেন কোচ।  

নিজেদের সবশেষ ম্যাচে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসকে ১-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। এই ম্যাচেও পুরোটা সময় যথারীতি বেঞ্চে ছিলেন এন্দ্রিক।

গত ক্লাব বিশ্বকাপ দিয়ে রেয়ালের দায়িত্ব শুরু করেন আলোন্সো। চোটের কারণে ওই টুর্নামেন্টে ছিলেন না এন্দ্রিক। পরে চোট কাটিয়ে উঠলেও, এই মৌসুমে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি।

১৯ বছর বয়সী এই ফুটবলার যে ম্যাচ খেলার জন্য ব্যাকুল, বুঝতে পারছেন আলোন্সো। ইউরোপের সফলতম ক্লাবটিতে খেলার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে স্প্যানিশ এই কোচ বললেন, সুযোগ এলে তা কাজে লাগাতে প্রস্তুত থাকতে হবে এন্দ্রিককে। 

“এটা স্পষ্ট যে, সবাই খেলতে চায়। আর একজন তরুণ খেলোয়াড় আরও বেশি চায়। প্রেক্ষাপট বিবেচনায় এখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং ম্যাচের ওপর নির্ভর করে এটা (এন্দ্রিককে সুযোগ দেওয়া) কঠিন। তাকে ধৈর্য ধরতে হবে, প্রস্তুত থাকতে হবে এবং বুঝতে হবে যে, সে রেয়াল মাদ্রিদে আছে। তার সময় আসবে।”

গুঞ্জন রয়েছে, খেলার সুযোগ না পেয়ে রেয়ালে এন্দ্রিকের হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে এবং জানুয়ারিতে ধারে তিনি বের্নাবেউ ‘ছাড়তে উন্মুখ।’ তার লক্ষ্য এখন ক্লাবের হয়ে বেশি বেশি খেলে ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা করে নেওয়া। 

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে রেয়াল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে তারা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী বার্সেলোনা।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় আগামী রোববার লিগ ম্যাচে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।