২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাববেরার কাছে এবারের নেপাল সফর ‘বিশেষ কিছু’

কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে দলকে নিতে আসা বাংলাদেশ বিমানবাহিনীর কার্গো বিমান দেখে বোধহয় একটু চমকেও গিয়েছিলেন বাংলাদেশ কোচ।

কাববেরার কাছে এবারের নেপাল সফর ‘বিশেষ কিছু’
স্মরণীয় ভ্রমণের স্মৃতি মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: মোহাম্মদ জুবায়ের

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:43 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

জেন জি’র বিক্ষোভে উত্তাল নেপালে আটকে পড়া বাংলাদেশ দলকে নিতে ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছাল বাংলাদেশ বিমানবাহিনীর কার্গো বিমান। কখনও বসে, কখনও দাঁড়িয়ে মোবাইলে বুদ হয়ে থাকা হাভিয়ের কাবরেরা মুখ তুলে তাকালেন। মোবাইলে ধরে রাখলেন কার্গো বিমানের ছবি! ধরে রাখাও স্বাভাবিক। এমন উড়ানে চেপে যে আগে কখনও ভ্রমণ করা হয়নি তার!

এবারও তেমন কোনো সম্ভাবনা ছিল না। কথা ছিল মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলে পরের দিন বাংলাদেশ বিমানে করে ঢাকায় পা রাখবেন জামাল-কাবরেরারা। কিন্তু সোমবারের সরকারবিরোধী আন্দোলনে টালমাটাল হয়ে যায় নেপাল। শান্ত দেশটি মুহূর্তেই হয়ে পড়ে অশান্ত। দ্বিতীয় ম্যাচটি যায় ভেস্তে।

দ্রুতই আন্দোলনকারীরা ছড়িয়ে পড়ে কাঠমাণ্ডুর আনাচে-কানাচে। বুধবার তাই হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রাই করতে পারেনি দল। ‘দুর্নীতিগ্রস্ত’ সরকারের কেউ যেন দেশ ছাড়তে না পারে, তাই ত্রিভুবন বিমানবন্দরের দখল নিয়ে তা বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।

কাঠমাণ্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলেও হানা দেয় বিক্ষুব্ধরা। এই হোটেলেই ছিল নেপাল ও বাংলাদেশ দল। তবে সেখানে সরকার ঘনিষ্ঠ কেউ না থাকায় বিক্ষোভকারীরা চলে যায়। হোটেলে ‘বন্দী’ সবার মনে তৈরি হতে থাকে নানা শঙ্কা, ভয়।

জামাল-মিতুলদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যুব ও ক্রীড়ামন্ত্রালয়, বিমানবাহিনী উদ্যোগে অবশেষে সব শঙ্কার মেঘ পেরিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে দল।

ত্রিভুবন বিমানবন্দরে বিমানবাহিনীর কার্গো বিমানটি পৌঁছাতেই খেলোয়াড়, কোচ, অফিসিয়ালদের মুখ ভরে ওঠে হাসিতে। কেউ করতালি দিয়ে উল্লাস করতে থাকেন। বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করা কাবরেরাও যেমন কিছুটা চমকে যান বিমানবাহিনীর ঢাউস বিমানটি দেখে।

এরই ফাঁকে কথা হয় এই স্প্যানিশ কোচের সাথে। ২০২২ সালে নেপালে গিয়ে ৩-১ গোলের তেতো হার হয়েছিল তার সঙ্গী। এবার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র। মাঠের ফলের দিক থেকে এবারের অভিজ্ঞতা এই স্প্যানিশ কোচের ভালোই।

কিন্তু এর বাইরে? বিক্ষোভে উন্মাতাল নেপাল, রাস্তায় রাস্তায় জ্বালাও পোড়াও, টিম হোটেলের ছাদ থেকে পাশের ঘরবাড়ি পুরে ছাই হতে দেখা, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সবশেষ বিমানবাহিনীর বিমানে চেপে ঢাকায় ফেরা। কেমন লাগল কাবরেরার। এখানেও তিনি দিলেন চমকপ্রদ উত্তর!

“স্পেশাল লেগেছে। (নেপালের পরিস্থিতি দেখে) আমি আতংকিত হইনি। সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সত্যিই স্পেশাল ছিল এবারের নেপাল সফর।”