‘ম্যাচ যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে’ বার্সেলোনার
রাফিনিয়া মনে করছেন, ধীরে ধীরে স্বরূপে ফিরছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
দুই কোচ হান্সি ফ্লিক ও দিয়েগো সিমেওনের প্রশংসায় ভাসলেন রাফিনিয়া। তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৃতিত্ব দিলেন পুরো দলকেই। বললেন, ধীরে ধীরে বাড়ছে তাদের আত্মবিশ্বাস।
লা লিগার ম্যাচে মঙ্গলবার কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাতে দ্বিতীয় স্থানের রেয়াল মাদ্রিদের চেয়ে আপাতত ৪ পয়েন্টে এগিয়ে গেছে তারা। রেয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
চোটের জন্য দুই মাস মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। সে সময় তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে বার্সেলোনা। সম্প্রতি মাঠে ফেরা এই ফরোয়ার্ডই ২৬তম মিনিটে চমৎকার গোলে দলকে সমতায় ফেরান।
শুরুতে পিছিয়ে পড়ার পর ৩ পয়েন্টের জন্য যেভাবে দল লড়াই করেছে তাতে মুগ্ধ রাফিনিয়া।
“নিজেদের পরিশ্রমের উপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। আমরা জানি, কিছু ম্যাচ এমন হবে আর সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের এই স্পিরিটটাই থাকতে হবে।”
“ম্যাচ যাচ্ছে, আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। আজ, হ্যাঁ, এটা ছিল গুরুত্বপূর্ণ। এই ধরনের পয়েন্ট লিগ শিরোপায় পার্থক্য গড়ে দিতে পারে।”
এক সময়ে রেয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শাবি আলোন্সোর দল টানা তিন ম্যাচে ড্র করায় উল্টো এখন এগিয়ে ফ্লিকের দল। তবে এখনও স্বস্তি পাওয়ার কিছু দেখেন না বার্সেলোনার কোচ।
“এখনও অনেক পথ বাকি, এখনও অনেক কিছু করার আছে। আমরা এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছি। যেভাবে সব হচ্ছে তাতে আমি খুশি। তবে আমরা বলতে পারি না, এটাই সর্বোচ্চ পর্যায়। আমরা সবসময়ই উন্নতি করতে এবং শিখতে চাই, এটাই আমাদের মানসিকতা ও মনোভাব।”
আতলেতিকোর বিপক্ষে প্রায় সেরা চেহারায় দেখা গেছে রাফিনিয়াকে। ফ্লিকের মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে থাকলে ধরনই পাল্টে যায় বার্সেলোনার।
“সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে যখন মাঠে থাকে, দলের গতি বেড়ে যায়, তীব্রতা বেড়ে যায়… সেটা আপনারা মাঠেই দেখবেন। সে অনেক ইতিবাচক ব্যাপার নিয়ে আসে।”
ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রাফিনিয়ার খেলায় আগে থেকেই মুগ্ধ আতলেতিকো মাদ্রিদ কোচ সিমেওনেও।
“রাফিনিয়াকে আমি খুব পছন্দ করি। সে যে কোনো পজিশনে খেলতে পারে, উইঙ্গার, উইং ব্যাক, অ্যাটাকিং মিডফিল্ডার… সে গোল করে এবং চাপ তৈরি করে।”
