ভারতের বিপক্ষে হেরে মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ
ভারতের বিপক্ষে হেরে প্রতিযোগিতা শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল দারুণভাবে।
হার দিয়ে এশিয়ান উইমেন’স কাবাডি শুরুর পর দ্বিতীয় ম্যাচে আলো ছড়ালো মেয়েরা। মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে তুলে নিল দারুণ জয়।
ইরানে বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে হারায় শ্রাবণী-বৃষ্টি-রুপালিরা। ভারতের বিপক্ষে ৬৪-২৩ ব্যবধানে আসর শুরু করেছিল মেয়েরা।
দুই ম্যাচে একটি করে জয় ও হারে বাংলাদেশের সেমি-ফাইনালে খেলার আশা থাকল বেঁচে। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে দল।
আট বছর পর হওয়া এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের লক্ষ্যের কথা দেশ ছাড়ায় আগে জানিয়েছিলেন মেয়েরা।
সাত দলের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া খেলছে। ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে।
