ফ্র্যাঞ্চাইজি হকিতে প্রথম জয় ঢাকার
শেষ দিকে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি রূপায়ন সিটি কুমিল্লার।
তিন গোল হজমের পর যেন ঘুম ভাঙল রূপায়ন সিটি কুমিল্লার। কিন্তু শেষ রক্ষা হলো না। তাদের হারিয়ে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জয় পেল ওয়ালটন ঢাকা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে ওয়ালটন ঢাকা। মেট্রো বরিশালের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছিল তারা।
নিজেদের প্রথম ম্যাচে মোনার্ক পদ্মাকে ৩-২ গোলে হারিয়ে আসা কুমিল্লা দ্বিতীয় ম্যাচে পেল হারের তেতো স্বাদ।
প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় ঢাকা। দুই বারই লক্ষ্যভেদ করেন আশরাফুল ইসলাম। ২০তম মিনিটে রকিবুল হাসান রকির আড়াআড়ি পাসে আলতো হিটে ব্যবধান আরও বাড়ান ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড আলফান্দি আলি সুরিয়া।
শুরুর বিবর্ণতা কাটিয়ে ২৩তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় কুমিল্লা। মিলন হোসেনের পুশ সারোয়ার স্টপ করার পর সোহানুর রহমান সুবজের হিট ঠিকানা খুঁজে পায়।
পরের মিনিটে ডিফেন্ডার শফিউল ইসলাম শিশিরের দৃঢ়তায় গোল হজম করেনি ঢাকা। ২৫তম মিনিটে পিসি থেকে আশরাফুলের ড্র্যাগ ফ্লিকে শেষ মুহূর্তে স্টিক ছুঁইয়ে আলফান্দি লক্ষ্যভেদ করলে ম্যাচ আরও ঝুঁকে পড়ে ঢাকার দিকে।
তৃতীয় কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠে কুমিল্লা। ৩২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান কিম সুং ইয়ব। সাত মিনিট পর পিসি থেকে ড্র্যাগ ফ্লিকে এই কোরিয়ান ফরোয়ার্ড আবারও লক্ষ্যভেদ করলে জমে ওঠে ম্যাচ। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি তারা।
টানা দ্বিতীয় জয় বরিশালের
দিনের দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। কিন্তু ছন্দে থাকা মেট্রো বরিশালকে আটকাতে পারেনি তারা। ৫-২ ব্যবধানে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বরিশাল।
নিজেদের প্রথম ম্যাচে ওয়ালটন ঢাকাকে ২-১ গোলে হারিয়েছিল বরিশাল। একমি চট্টগ্রামের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা খুলনা পেল টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ।
নবম মিনিটেই মালয়েশিয়ার ফিতরি বিন সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মেট্রো বরিশাল। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের নিখুঁত হিট ঠিকানা খুঁজে পেলে দ্বিগুণ হয় ব্যবধান।
দুই মিনিট পর ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। সার্কেলের ভেতর থেকে ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান।
৩২তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সার্কেলে ঢুকে ফেরদৌস রোশদি জোরালো হিট করেন, গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন তানজিম আহমেদ; সমতায় ফেরে খুলনা।
৩৮তম মিনিটে ফিতরির জোরালো হিটে ফের এগিয়ে যায় বরিশাল। খুলনার রক্ষণে চাপ ধরে রেখে ৫০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান রোমান সরকার। একটু পর দুরূহ কোণ থেকে আখিমুল্লাহ ইশোকের রিভার্স হিটে বরিশালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
