২০০ ছুঁয়ে শিয়েরারের রেকর্ডে চোখ কেইনের
ইংলিশ স্ট্রাইকারের দৃঢ় বিশ্বাস, কিংবদন্তির রেকর্ডটা একদিন ভাঙতে পারবেন তিনি।
প্রতিপক্ষের গোলমুখে সদা প্রস্তুত হ্যারি কেইনের ক্যারিয়ারে দলগত সাফল্য নেই বললেই চলে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ উজ্জ্বল তিনি, গোল করায় দারুণ কার্যকর। সবশেষ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জোড়া গোল করে স্পর্শ করলেন অসাধারণ এক মাইলফলক। সঙ্গে টটেনহ্যাম হটস্পারের এই তারকা জানালেন, প্রতিযোগিতাটিতে অ্যালান শিয়েরারের গোলের রেকর্ড ছোঁয়ার প্রত্যয়।
২৩ বছর পর শীর্ষ লিগে ফেরা নটিহ্যামের বিপক্ষে রোববার একটি পেনাল্টি মিস করেন কেইন। তবে ওই ব্যর্থতাকে বড় হতে দেননি তিনি। তার আগে ও পরে দুবার জালে বল পাঠিয়ে দলকে এনে দেন প্রত্যাশিত জয় আর নিজে ছাড়িয়ে যান ২০০ লিগ গোলের মাইলফলক।
এরই সঙ্গে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৮৭ গোল নিয়ে সাবেক তারকা অ্যান্ডি কোলের পাশে বসলেন কেইন। বর্তমান ইংল্যান্ড অধিনায়কের ওপরে এখন কেবল শিয়েরার (২৬০) ও ওয়েইন রুনি (২০৮)।
কেইনের বয়স কেবল ২৯ বছর। তাই যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে ছন্দ ধরে রাখতে পারলে তার জন্য শিয়েরারের রেকর্ড ছোঁয়াটা সময়ের ব্যাপার। তিনি নিজেও তাই বললেন। তবে সেটা যে অনেক দূরের পথ, সেটাও বুঝতে পারছেন তিনি।
“নিশ্চিতভাবে এখনও অনেক পথ যেতে হবে, কিন্তু রেকর্ডটা আমি অনুভব করতে পারছি। আমি মনে করি, এখনও অনক বছর আমি খেলতে পারব। প্রতি মৌসুমে আমি গোল করতে চাই। আমি ওই সব নামের মধ্যে থাকতে চাই, এবং এই চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে রোমাঞ্চিত।”
“অ্যালান ও ওয়েইন, ইংল্যান্ডের ইতিহাসের সেরা দুই স্ট্রাইকার। তাই তাদের সঙ্গে আমার নাম তুলনীয় হওয়াটাও দারুণ ব্যাপার। কিন্তু আমি নিজের আরও উন্নতি চাই, এগিয়ে যেতে চাই। দেখতে চাই, কতটা যেতে পারি আমি। এখন পর্যন্ত এই মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছে।”
টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন কেইন। আসরে তার মোট গোল চারটি।
তার দলেরও শুরুটা বেশ ভালো হয়েছে। এখন পর্যন্ত অপরাজিত টটেনহ্যাম চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
