২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপ ভাবনায় চোটমুক্ত থাকতে চাইলে বাড়িতে বসে থাকো’

খেলোয়াড়রা এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছে বলে মনে করেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 05:12 PM

Updated : 25 Oct 2022, 05:12 PM

ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের সময়। মাঝে আর এক মাসও বাকি নেই। তাই ক্লাব পর্যায়ে ব্যস্ত থাকা ফুটবলারদের ভাবনা জুড়ে খেলা করতে পারে বিশ্বকাপ। চোটে পড়ার ভয়ও কাজ করতে পারে অনেকের মনে। কার্লো আনচেলত্তি অবশ্য তা মনে করেন না। রিয়াল মাদ্রিদ কোচের মতে, ক্লাবে সেরা ফর্মে থেকেই খেলোয়াড়দের বিশ্ব মঞ্চে পা রাখা উচিত।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার লাইপজিগের মুখোমুখি হবে রিয়াল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না চ্যাম্পিয়নদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা ও ফেদে ভালভেরদে। কোনো কারণ না জানিয়ে ম্যাচের আগের দিন স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় মিডফিল্ডার লুকা মদ্রিচকে।

এই মুহূর্তে বড় কোনো চোটে পড়লে শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপে খেলার স্বপ্ন। তাই কেউ কেউ হয়তো বাড়তি সতর্ক থাকতে পারেন। তবে আনচেলত্তি মনে করেন, ছন্দে থেকে বিশ্বকাপে যেতে ক্লাবে ঠিকই নিজের সেরাটা দিতে চাইবে খেলোয়াড়রা।

“আমার মনে হয় না খেলোয়াড়রা বিশ্বকাপ নিয়ে ভাবছে। বরং তারা বোঝে যে বিষয়টা আসলে উল্টো হতে হবে, তাদের অবশ্যই ক্লাবের ফর্ম থেকে মোমেন্টাম নিয়ে বিশ্বকাপে যাওয়ার চেষ্টা করতে হবে।”

“আর এমনটা যদি কেউ (এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনা) করত, তাহলে আমি বুঝতে পারতাম। আমরা তাদের কয়েকজনকে বিশ্রাম দিচ্ছি। কেননা, বেনজেমাকে এক মাসের চেয়ে একদিনের জন্য হারানো ভালো।”

আনচেলত্তির মতে, চোট খেলারই অংশ এবং এটা মেনে নিয়েই তাদের এগিয়ে যেতে হবে।

“চোট ফুটবলেরই অংশ। ‘কেউ যদি চোট না পেতে চায়, তাহলে তার সোফায় বসে থাকায় ভালো’ - এই প্রবাদটা আমি সবসময় ব্যবহার করি।”

“কেউ আমাকে বলেনি, 'আমি অনুশীলন করতে চাই না, কারণ আমি ভীত'। তারা যদি এটা বলত, তাহলে আমি তাদের বাড়িতেই থাকতে বলতাম, কারণ টিভিতে অনেক ভালো ভালো সিনেমা ও সিরিজ রয়েছে…”