ফুটসাল এশিয়ান কাপ বাছাই
Published : 22 Sep 2025, 10:11 PM
প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় খেলতে যাওয়া বাংলাদেশ আবারও পেল বড় হারের তেতো স্বাদ। ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে এবার মালয়েশিয়ার বিপক্ষে হারল তারা।
মালয়েশিয়ায় সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭-১ গোলে হেরে যায় বাংলাদেশ। প্রথমার্ধে দল পিছিয়ে ছিল ৩-১ ব্যবধানে।
এ নিয়ে বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলে হেরে বাছাই শুরু করেছিলেন রাহবার-আজিমরা।
এই ম্যাচেই অবশ্য মালয়েশিয়ার জালে গোল করে দারুণ এক প্রাপ্তি হয়েছে ফায়েদ আজিমের। আন্তর্জাতিক ফুটসালে দেশের প্রথম গোলদাতা হয়েছেন তিনি।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই হারে এই দুই দলেরই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।
এই বাছাই সামনে রেখে ইরানের কোচ সাইদ খোদারাহমিকে আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার কোচিংয়ে এখন পর্যন্ত জয়হীন দল।