২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বুধবার আসছে বিশ্বকাপ ট্রফি

সাধারণ দর্শকের জন্য অবশ্য উন্মুক্ত থাকছে না এবারের আয়োজন, তাতে হতাশই হতে হবে তাদেরকে।

বাংলাদেশে বুধবার আসছে বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি। ছবি: রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 10:35 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বুধবার। ট্রফি নিয়ে বাংলাদেশে আসছেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা। ইউটিসি ক্যাম্পেইনে জিতে ভক্তরা বিশ্বকাপের মূল ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে বলে এর আগেই জানিয়েছিল তারা।

এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে তিনটি দেশে-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।

বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফার সদস্য দেশে, মোট ৭৫টি স্থানে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি আসার পর গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেল র‍্যাডিসন ব্লু-তে। 

আকাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে এলেও তা দেখার সুযোগ মিলবে না ফুটবলপ্রেমীদের। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, আয়োজন ‘সংক্ষিপ্ত সময়ের’ জন্য হওয়ায় এবার সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত থাকছে না ট্রফিটি। কেবল কোকা-কোলার ‘আন্ডার দা ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।