১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারকাদের অনুপস্থিতিতে তরুণরা এগিয়ে আসায় খুশি দেশম

ফ্রান্স কোচ দিদিয়ে দেশম মনে করেন, আক্রমণভাগের জন‍্য বিকল্প হতে পারেন মাতেতা ও একিটিকে।

তারকাদের অনুপস্থিতিতে তরুণরা এগিয়ে আসায় খুশি দেশম
বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর ফ্রান্স। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলের মতো তারকাদের অনুপস্থিতিতে আলো ছড়িয়েছেন জ‍্যঁ ফিলিপ মাতেতা ও উগো একিটিকে। কোচ দিদিয়ে দেশম মনে করছেন, দলের আক্রমণভাগের জন‍্য বিকল্প হিসেবে থাকতে পারেন তারাও। 

আজারবাইজানের বিপক্ষে ৩-১ ব‍্যবধানে জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ ব‍্যবধানের জয়ে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় রোববার দ্বিতীয় সারির দল নামান দেশম।  

শুরুতে একটু ধাক্কা খেলেও প্রত‍্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। ৬ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করল তারা। 

ফ্রান্সের হয়ে জালের দেখা পেয়েছেন মাতেতা এবং আকলিউচে, অন‍্য গোলটি আজারবাইজান গোলরক্ষকের আত্মঘাতী। দলে ১১ পরিবর্তন এনেও দুই গোলের ব‍্যবধানে জয় পাওয়ায় খুশি ফ্রান্স কোচ দেশম। 

“আমরা গড়ে ম‍্যাচপ্রতি দুইয়ের বেশি গোল করছি, যা খুবই ভালো। মাতেতা ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার শুরুর একাদশে নেমে চমৎকার হেডে গোল করেছে। এটা আমাদের জন্য এবং তার জন্য দারুণ।”

“একিটিকেরও আত্মবিশ্বাস বাড়ছে। সে গতিময় একজন তরুণ খেলোয়াড়, স্ট‍্যামিনার জন‍্য মাঠজুড়ে নিজের খেলাটা খেলতে পারে। গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার সামর্থ‍্য তার আছে। সামনের দিনগুলোতে আক্রমণভাগের জন্য এরা আরও দুজন, যারা বিকল্প হিসেবে আমাদের বিবেচনায় থাকবে।”