বিশ্বকাপের বাকি ১৩ দিন: মেসির সামনে জয়ের রেকর্ডের হাতছানি
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ১৩ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ জয়ের পরিসংখ্যান।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৭টি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তালিকায় জার্মান তারকার পরেই আছেন ব্রাজিলের ফুল-ব্যাক কাফু ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, দুজনেরই জয় ১৬টি করে।
আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির সামনে।
একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে চারটি পদক জিতেছেন ক্লোসা: একটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ।
হেডে গোল করায় দারুণ কার্যকর ছিলেন ক্লোসা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার, ১৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি করেছেন ব্রাজিলের গ্রেট রোনালদো এবং ১৪ গোল করে তালিকায় তিন নম্বরে পশ্চিম জার্মানির জার্ড মুলার।
বর্তমান ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ১৩টি ও কিলিয়ান এমবাপে ১২টি গোল করেছেন।
