২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখে বিপর্যস্ত ইন্টার মিলানকে দেশে স্বাগত জানাল ১ জন সমর্থক!

‘আমিই একমাত্র বোকা এখানে এসেছি, তারপরও তারা বাহবা পাওয়ার যোগ্য’, বলেন ওই সমর্থক।

মিউনিখে বিপর্যস্ত ইন্টার মিলানকে দেশে স্বাগত জানাল ১ জন সমর্থক!
ফাইনালে ভরাডুবি হয়েছে ইন্টার মিলানের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 03:11 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে মিউনিখের উদ্দেশ্যে উড়াল দেওয়ার সময় ইন্টার মিলান দলকে ঘিরে সমর্থকদের মনে ছিল কতই না উদ্দীপনা, উন্মাদনা। কিন্তু ফাইনালে প্রিয় দল বিধ্বস্ত হওয়ার পর এখন পুরোই উল্টো চিত্র। স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে প্রিয় দল ইতালিতে ফেরার সময় একজন মাত্র সমর্থক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে যায়!

বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গত শনিবার প্রতিযোগিতাটির ফাইনালে পুরোটা সময় খোলসে বন্দি থেকে ভুলে যাওয়ার মতো একটি রাত কাটায় ইতালিয়ান ক্লাবটি। তাদেরকে ৫-০ গোলে পর্যদুস্ত করে প্রথমবারের মতো ইউরোর সেরার ট্রফি উঁচিয়ে ধরে পিএসজি।

ইন্টার মিলানের কোচ-খেলোয়াড়দের মতো সমর্থকদের জন্যও ম্যাচটি বিশাল এক ধাক্কা হয়েই এসেছে। পরদিন ইতালির প্রায় সব পত্রিকায় মিলানের দলটির পারফরম্যান্সের কড়া সমালোচনা করা হয়, যা নিশ্চিতভাবেই নজর এড়ায়নি ক্লাবটির সমর্থকদের।

সবকিছু মিলিয়ে ইন্টারের ভক্ত-সমর্থকরাও রাতটি খুব করে ভুলে যেতে চাইবে। যার একটা প্রমাণ মেলে ইন্টার দল দেশে ফেরার সময়। তখন মালপেন্সা বিমানবন্দরে একজন মাত্র সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন, তাদের অভিনন্দন জানাতে।

পরে লা গাজেত্তায় মার্কো নামের ওই সমর্থক বলেন, “আমিই একমাত্র বোকা এখানে এসেছি, তারপরও (ফাইনালে ওভাবে পরাজিত হওয়ার পরও) তারা বাহবা পাওয়ার যোগ্য।”

এবারের মৌসুমে ইন্টার মিলানের পারফরম্যান্স বেশ প্রশংসনীয়ই ছিল। মাসখানেকের একটু বেশি সময় আগেও তারা ছিল ট্রেবল জয়ের দৌড়ে। সেই দলই কিনা মৌসুম শেষ করল একেবারে খালি হাতে, যার শেষটা হলো ওই ভরাডুবি দিয়ে।