২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূল আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

এক দিন পিছিয়ে গেছে কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির লড়াই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

মৌসুমের প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য বাড়তি আরেকটি দিন পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিকূল আবহাওয়ায় পিছিয়ে গেছে লিওনেল মেসিদের কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপের ম্যাচ।

স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে মঙ্গলবার খেলার কথা ছিল মেসিদের। কিন্তু অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া এবং সম্ভাব্য তুষার ঝড়ের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি। ক্যানসাস সিটিতে বুধবার মাঠে গড়াবে দুই দলের লড়াই।

কনকাকাফ বিবৃতি দিয়ে জানিয়েছে, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে দুই দলের সঙ্গে আলোচনা করেই ম্যাচের সূচি পিছিয়ে দেওয়ার হয়েছে। 

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে দুই লেগে লড়বে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব দুটি। দ্বিতীয় লেগ হবে আগামী মঙ্গলবার।

দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দলটি পা রাখবে শেষ ষোলোয়। সেখানে জ্যামাইকান ক্লাব ক্যাভালির বিপক্ষে লড়বে তারা।

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগে আর্জেন্টাইন তারকা মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির নতুন কোচ হাভিয়ের মাসচেরানো।

মায়ামির এমএলএস মৌসুম শুরু হবে আগামী শনিবার, ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে। একই দিন ক্যানসাস খেলবে অস্টিন এফসির মাঠে।