চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ নিয়ে ‘খুশি’ বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটকে পাগলাটে মনে হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের।
কাগজে-কলমে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে তুলনামূলক ‘সহজ প্রতিপক্ষ’ পেয়েছে বার্সেলোনা। তাতে দলটির সেরা আটে থাকার ভালো সম্ভাবনা দেখছে অনেকে। দলটির কোচ হান্সি ফ্লিক অবশ্য সেভাবে ভাবছেন না। তার মতে, লক্ষ্য ছুঁতে অনেক রকমের চ্যালেঞ্জ সামলাতে হবে।
আগামী মাসে শুরু হবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার নতুন আসর। তবে আপাতত বার্সেলোনার পূর্ণ মনোযোগ লা লিগায়। আগামী রোববার রাতে লিগে রেয়াল ভাইয়েকানোর মাঠে খেলবে তারা।
এর আগের দিন সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে নিজের মত জানালেন বার্সেলোনা কোচ ফ্লিক।
“আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমরা যেসব প্রতিযোগিতায় খেলি, তার মধ্যে এটাই সেরা।”
“নিজেদের প্রতিপক্ষ নিয়ে আমরা খুশি। প্রতিটা ম্যাচ হবে ভিন্নরকম। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পেরে আমরা খুশি। গত মৌসুমে আমরা দারুণ একটা সেমি-ফাইনাল খেলেছিলাম এবং আরও বেশি কিছু আমাদের প্রাপ্য ছিল। এই মৌসুমে আমরা নিজেদের উজাড় করে দেব এবং আরও বেশি কিছু অর্জনের চেষ্টা করব।”
ইউরোপ সেরার মঞ্চে আগামী ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে বার্সেলোনা। অক্টোবরে পিএসজি ও অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে তারা।
নভেম্বরে ক্লাব ব্রুজ ও চেলসির মাঠে খেলবে বার্সেলোনা। পরের মাসে ঘরের মাঠে লড়বে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। জানুয়ারিতে খেলবে স্লাভিয়া প্রাহার মাঠে। সেই মাসেই কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রাথমিক পর্ব শেষ করবে বার্সেলোনা।
