ইয়ামালকে কিনতে ২৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি
বার্সেলোনা কর্মকর্তা মাসিপ অবশ্য সরাসরি পিএসজির নাম না বললেও ইঙ্গিতে তাদেরকেই বোঝান।
ক্যারিয়ারে শুরুতেই তারকাখ্যাতির শীর্ষে ওঠা লামিনে ইয়ামালকে পেতে ২৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল একটি ক্লাব-কিছুদিন আগে এমন মন্তব্য করে চমকে দিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এবার জানা গেল সেই ক্লাবের নাম। বার্সেলোনার কর্মকর্তা এনরিক মাসিপ জানালেন, সবশেষ গ্রীষ্মের দলবদলে ফরাসি ক্লাব পিএসজি ওই লোভনীয় প্রস্তাব দিয়েছিল।
ক্লাবের নিজস্ব টিভি চ্যালেলে গত অক্টোবরে পিএসজির ওই প্রস্তাবের কথা জানিয়েছিলেন বার্সেলোনা প্রধান। প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার কথাও তখন জানান তিনি।
স্প্যানিশ ভাষার একটি টিভি অনুষ্ঠান এল চিরিংগিতোয় মাসিপও অবশ্য সরাসরি পিএসজির নাম উল্লেখ করেননি।
“সভাপতি ইতোমধ্যে বলেছেন যে, (ইয়ামালের জন্য) ২৫ কোটি ইউরোর একটি প্রস্তাব ছিল যা তখনই ফিরিয়ে দেওয়া হয় এবং কখনও সেটা গ্রহণ করার ভাবনাতেই ছিল না আমাদের। ফ্রান্স থেকে এসেছিল ওই প্রস্তাব।”
সবশেষ দলবদলেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে রেয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তখন বলা হয়, এমবাপের জায়গা পূরণের জন্য ইয়ামালকে পেতে মরিয়া ছিল পিএসজি।
অনুষ্ঠানে মাসিপের কাছেও জানতে চাওয়া, ক্লাবটি কি পিএসজি ছিল এবং এমবাপের শূন্যতা পূরণে ইয়ামাল কি সঠিক বিকল্প হতেন?
“কারো হাতে যখন খরচের জন্য অনেক অর্থ থাকে, তখন সে যাকে ইচ্ছা তাকেই চুক্তিভুক্ত করার চেষ্টা করে।”
রেয়ালের আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের সঙ্গে এমবাপে যোগ হওয়ায় দলটির পারফরম্যান্স অবিশ্বাস্য এক মাত্রায় ওঠার সম্ভাবনা দেখেছিলেন অনেকে; কিন্তু বাস্তবে এখনও তেমন কিছু হয়নি। বরং ইয়ামাল, রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ায় গড়া বার্সেলোনার আক্রমণভাগের দ্যূতির সামনে তারা কিছুটা ফিকে হয়ে আছে।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৬ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার দুই সতীর্থও ছুটছেন দারুণ ছন্দে। লা লিগার পয়েন্ট টেবিলে তারা রেয়ালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগে শক্ত অবস্থানে দলটি।
সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয়ী ইয়ামালের ধারাবাহিক উন্নতির ভূয়সী প্রশংসা করলেন মাসিপ।
“আমি বলব, এই মুহূর্তে সে (বিশ্বের) সবচেয়ে কার্যকর ও ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়। ১৭ বছর বয়সী একজন বিশ্বের সেরা ফুটবলার কি-না, এ বিষয়ে কথা বলা যৌক্তিক বলে আমি মনে করি না। তবে আমাদের জন্য সেই সেরা।”
