২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে আগের ভাবনাতেই আছেন ব্রাজিল কোচ

সব প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে ব্রাজিলের রেকর্ড গোলদাতাকে যেন সময়ের সঙ্গে যুদ্ধে নামতে হবে।

নেইমারকে নিয়ে আগের ভাবনাতেই আছেন ব্রাজিল কোচ
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

একের পর এক চোটের আঘাতে বিপর্যস্ত নেইমারের ক্যারিয়ার। সুস্থ হয়ে ফেরার পর পুর্ণ ফিটনেস ফিরে পেতেই নতুন চোটের ছোবল-দীর্ঘদিন ধরে এটাই তার জীবনের গল্প। তবে ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্নে এখনও তাকে কাণ্ডারি ভাবেন অনেকেই। কোচ কার্লো আনচেলত্তিও আশায় আছেন, মাঠে ফিরবেন নেইমার। তবে শর্তও জুড়ে দিয়েছেন তিনি, শারীরিকভাবে পুরোপুরি ফিট হলেই কেবল খুলবে জাতীয় দলের দুয়ার।

কোনো ফিফা উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেই ঘুরেফিরে আসে নেইমার প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। কেবল সেখানেই নয়, ছোট-বড় সাক্ষাৎকারেও অবধারিতভাবে আসে নেইমারকে নিয়ে প্রশ্ন। 

গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এই এক বিষয়ে কতবারই না বলতে হয়েছে আনচেলত্তিকে। তাতে তিনি কি অস্বস্তি বোধ করেন?-ব্রাজিলের মাসিক ক্রীড়া ম্যাগাজিন ‘প্লাকাহ’-কে দেওয়া সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হয়, উত্তরে ইতালিয়ান কোচ বলেন, “না না, কোনো সমস্যা নেই।”

“এটা নিয়ে মানুষের প্রশ্ন করাটা খুব স্বাভাবিক, কারণ সে ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি। সবাই চায়, নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসুক। ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ), কোচরা, জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড়রা, সবাই নেইমারের সেরা ছন্দে ফেরার আশায় আছে।”

নিশ্চিতভাবেই সবার মতো তিনিও খুব করে চান, দলের সবচেয়ে বড় অস্ত্র ফিরে আসুক। তবে যেনতেনভাবে ফিরলে তো হবে না। গত মাসে জাপানের বিপক্ষে ম্যাচের আগে যেমনটা বলেছিলেন, এবারও সেটাই বললেন আনচেলত্তি।

“সত্যি বলতে, বর্তমানে ফুটবলে খেলোয়াড়দের অনেক চাপ সইতে হয়। কেবল মেধা থাকলেই হয় না, শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা, তীব্রতা বা গতি…আশা করি, নেইমার তার সেরা অবস্থায় ফিরবে।”

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে থাকার সময় এসিএল চোটে পড়ার পর থেকে, আর দেশের হয়ে খেলতে পারেননি নেইমার। 

বার্সেলোনায় সাফল্যে ভরা চারটি বছর কাটিয়ে ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ফরাসি ক্লাবটিতে শুরুটা আশাব্যঞ্জক হলেও, শেষদিকে সবকিছু হতাশায় রূপ নিতে থাকে, বারবার চোট আঘাত হানতে থাকে। 

সেখান থেকে ২০২৩ সালের অগাস্টে তিনি যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু চোট তার পিছু ছাড়েনি, ক্লাবটিতে থাকার অধিকাংশ সময় মাঠের বাইরেই ছিলেন নেইমার। পরে মেয়াদ শেষের আগেই পারস্পরিক সমঝোতায় ওই চুক্তি শেষ করে, গত জানুয়ারিতে ৩৩ বছর বয়সী তারকা যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে।

এখানে আসার পরও তার হতাশার গল্পটা পাল্টায়নি। এইতো সবশেষ পেশির চোট কাটিয়ে ৪৮ দিন পর সম্প্রতি দলে ফিরেছেন নেইমার। গত রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে দলের ৩-২ গোলে হারের ম্যাচে ৮৫তম মিনিটে তাকে তুলে নিলে কোচের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন নেইমার, এজন্য সমালোচিতও হয়েছেন তিনি।

সব প্রতিকূলতা পেরিয়ে আগামী বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমারের কেবল চোটমুক্ত থাকলেই হবে না, তাকে যেন সময়ের সঙ্গে যুদ্ধে নামতে হবে। কারণ, আগামী বছরের বিশ্বকাপ থেকে যে আর কেবল মাস ছয়েকের একটু বেশিই বাকি।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে বসবে ৪৮ দলের বিশ্বকাপ।

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানের জন্য প্রস্তুত হতে, বাছাইপর্ব শেষে এখন প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। সবশেষ ২০০২ আসরের বিশ্বকাপ জয়ীরা এবারের ফিফা উইন্ডোতে আগামী শনিবার খেলবে সেনেগালের বিপক্ষে। এর চার দিন পর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।