মেসির আইকনিক ১০ নম্বর জার্সি ইয়ামালের
স্প্যানিশ তরুণ সেনসেশনের হাতে ১০ নম্বর জার্সি তুলে দেওয়ার পাশাপাশি তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সারে বার্সেলোনা।
লামিনে ইয়ামালের বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়া একরকম নিশ্চিতই ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মৌসুম থেকে কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সি পরবেন এই তরুণ স্প্যানিশ সেনসেশন।
একটি অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ইয়ামালের হাতে ১০ নম্বর জার্সি তুলে দেয় বার্সেলোনা। এদিন ১৮ বছর বয়সী এই উইঙ্গারের সঙ্গে চুক্তির বাকি আনুষ্ঠানিকতা সারে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করে বার্সেলোনা। কিন্তু তখন আনুষ্ঠানিক কোনো ছবি তোলা হয়নি। গণমাধ্যমে ওই সময় খবর বেরিয়েছিল, ইয়ামালের দাদি উপস্থিত থাকতে পারেননি বলে এমনটা করা হয়। তরুণ এই তারকার কাছে দাদির অবস্থান অনেক উঁচুতে।
পরিবারের সবাইকে নিয়ে বুধবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি উদযাপন করেন ইয়ামাল।
২০০৮ সালে থেকে ২০২১ সালে পিএসজিতে যাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি পরেছিলেন লিওনেল মেসি। কাম্প নউয়ের কিংবদন্তি হয়ে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনার ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মেসির আগে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা। মেসি ক্লাবটি ছাড়ার পর জার্সিটি পেয়েছিলেন আনসু ফাতি। কিন্তু চোটের থাবায় দলে নিয়মিত হতে পারেননি তিনি। গত মাসে ধারে মোনাকোয় যোগ দেন স্প্যানিশ ফরোয়ার্ড।
এবার আইকনিক জার্সিটি পেয়ে গর্বের শেষ নেই ইয়ামালের।
“ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, এই ক্লাবটিতে বেড়ে ওঠা এবং ১০ নম্বর জার্সটি পরে খেলা। বার্সেলোনায় জন্ম নেওয়া সব শিশুই এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে ছাপ রেখেছেন, আমি আমার ছাপ রাখব।”
গত রোববার ১৮ বছর পূর্ণ করেন ইয়ামাল। এই বয়সেই বার্সেলোনার তারকা হয়ে উঠেছেন তিনি। ক্লাবটির হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড ও কীর্তি।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা বার্সেলোনার জার্সিতে ১০৬ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। ক্লাবটির হয়ে লা লিগা জয়ের পাশাপাশি কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। স্পেনের হয়ে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ।
বার্সেলোনায় এটা হবে ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় তার জার্সি নম্বর ছিল ৪১। পরের মৌসুমে পান ২৭ নম্বর জার্সি এবং গত বছর তিনি খেলেন ১৯ নম্বর জার্সি পরে।
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পাওয়ার আগে মেসির জার্সি নম্বরও ছিল ১৯।
কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সি পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছে ইয়ামাল বললেন, “আমার চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা হয়নি। এখন এগুলো জেতা আমার লক্ষ্য।”
