১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোচিংয়ে ব‍্যর্থতার পরও রেয়ালের প্রতি কৃতজ্ঞ আলোন্সো

ইউরোপের সফলতম ক্লাবে ব‍্যর্থতায় ভীষণ হতাশ এই স্প‍্যানিশ কোচ।

কোচিংয়ে ব‍্যর্থতার পরও রেয়ালের প্রতি কৃতজ্ঞ আলোন্সো
রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে শাবি আলোন্সো (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রেয়াল মাদ্রিদে সাড়ে সাত মাসের অধ‍্যায়ে ইউরোপের বড় ক্লাবগুলোর বিপক্ষে একের পর হার এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সংঘাত নিয়ে ভীষণ ক্ষুব্ধ শাবি আলোন্সো। এসব নিয়ে খেদ ঝরল তার কণ্ঠে।

বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে জার্মান ফুটবলে দারুণ সফল ছিলেন আলোন্সো। তার কোচিংয়ে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে বুন্ডেসলিগায় শিরোপা জেতে লেভারকুজেন। খেলোয়াড়ি জীবনে যে দলের হয়ে আলো ছড়িয়েছিলেন তিনি, কোচ হিসেবে সেখানে এর পুনরাবৃত্তি করতে পারেননি আলোন্সো। দুই পক্ষের সমঝোতায় সরে দাঁড়িয়েছেন তিনি। 

গত রোববার স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারে রেয়াল। পরদিন এক বিবৃতিতে দলটি কোচের বিদায়ের খবর জানায়।  

ইনস্টাগ্রামে মঙ্গলবার নিজের অনুভূতি তুলে ধরেন বিশ্বকাপ জয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

“আমার ক‍্যারিয়ারের এই পর্যায়ের সমাপ্তি ঘটেছে। আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি। রেয়াল মাদ্রিদকে কোচিং করানো সম্মানের ব‍্যাপার ও দায়িত্ব।”  

“ক্লাব, খেলোয়াড় এবং সবার ওপরে ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। নিজের সেরাটা দেওয়ায় আমি সম্মান, কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে বিদায় নিয়েছি।”  

ইউরোপের সফলতম ক্লাবে আলোন্সোর পথ চলা অভ‍্যন্তরীণ ঝামেলা, সহ-অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে ও উইঙ্গার ভিনিসিউস জুনিয়রসহ সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্লাব বিশ্বকাপে প‍িএসজি, লা লিগায় আতলেতিকো মাদ্রিদ, চ‍্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে বড় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছেন আলোন্সো। 

৪৪ বছর বয়সী আলোন্সোর কোচিংয়ে লা লিগার শুরুর দিকে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গিয়েছিল রেয়াল। কিন্তু একের পর এক বাজে পারফরম‍্যান্সে এখন দলটি বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে। 

স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর আগামী বুধবার প্রথম মাঠে নামবে রেয়াল। কোপা দেল রের ম‍্যাচে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় স্তরের দল আলবাসেতে।