নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কেতা ভন্দ্রোউসোভার আপিল
এই চেক তারকার আপিলের বিষয়ে এখনও শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
অ্যান্টি-ডোপিং টেস্টের জন্য নমুনা দিতে অস্বীকৃতি জানিয়ে চার বছরের যে নিষেধাজ্ঞা পেয়েছেন, এর বিরুদ্ধে কোর্ট অব আরব্রিটেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছেন মার্কেতা ভন্দ্রোউসোভা।
প্রতিযোগিতার-বাইরে ডোপ টেস্টের জন্য ২০২৫ সালের ডিসেম্বরে তার বাড়িতে আসেন একজন কর্মকর্তা, কিন্তু তাকে নিজের বাড়িতে ঢুকতে দেননি ভন্দ্রোউসোভা। এই ঘটনার প্রেক্ষিতে গত তাকে নিষিদ্ধ করা হয়।
তার নিষেধাজ্ঞা শেষ হবে ২০৩০ সালের ২১ জুন।
ভন্দ্রোউসোভার আবেদনের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সিএএস। তবে এখনও শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
২০২৩ সালে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে চমকে দেওয়া ভন্দ্রোউসোভা গত এপ্রিলে বলেন, যখন তিনি ডোপিং টেস্টের জন্য ‘না’ বলেছিলেন, তখন আসলে টানা কয়েক মাসের ব্যস্ততায় শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিলেন।
চেকিয়ার ২৭ বছর বয়সী এই তারকা আরও জানান যে, গত ৩ ডিসেম্বর রাত ৮টায় ফোন করেছিলেন ওই কর্মকর্তা এবং তখন তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতেও পারেননি তারা, ফলে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কায় ছিলেন। তাই, মাদক পরীক্ষায় যথাযথভাবে সাড়া দিতে পারেননি।
কিছুক্ষণ পরেই অবশ্য নিজের কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছিলেন ভন্দ্রোউসোভা এবং তখন নমুনা দিতে অস্বীকৃতি জানানোর ফর্মে সই করেন তিনি।
