স্পেনকে ফেভারিট মানছেন ওয়াটকিন্স
সেমি-ফাইনালে শেষ সময়ে গোল করে ইংলিশদের নায়ক হয়ে ওঠা এই ফরোয়ার্ডের বিশ্বাস, ফেভারিটদের হারিয়েই ইউরোয় অধরা শিরোপার স্বাদ এবার পাবে তারা।
গ্রুপ পর্ব থেকেই কঠিন সব প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ইউরোর ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আসর শুরুর আগে যাদেরকে শিরোপার দাবিদার হিসেবে দেখা হয়নি, সেই দলই হয়ে উঠেছে টপ ফেভারিট। ফাইনালের আগে ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিন্সও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন। তবে শিরোপা লড়াইয়ে নিজেদেরও কম শক্তিশালী মনে করেন না তিনি।
শিরোপার মঞ্চে রোববার দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় বার্লিনে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
এবারের ইউরোতে স্পেনের পথচলা ছিল বেশ কঠিন। গ্রুপ পর্বেই তারা পায় গত আসরের চ্যাম্পিয়ন ইতালি ও ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে। শক্তিশালী দুই প্রতিপক্ষকেই হারানোর পর আলবেনিয়ার বিপক্ষে জিতে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। স্পেন ছাড়া এবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিততে পারেনি আর কোনো দল।
শেষ ষোলোয় স্পেন উড়িয়ে দেয় জমাট রক্ষণের জর্জিয়াকে, যারা গ্রুপ পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়েছিল। এরপর কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ২-১ গোলে এবং সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে স্পেন।
সেই তুলনায় ইংল্যান্ডের পথচলা সহজ ছিল। তারপরও গ্রুপ পর্বে তারা জিততে পেরেছে কেবল একটি ম্যাচ, সার্বিয়ার বিপক্ষে; ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে করে ড্র। শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে জেতে ২-১ গোলে।
এরপর কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারানোর পর সেমি-ফাইনালে ওয়াটকিন্সের অন্তিম সময়ের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ইংল্যান্ড।
ডাচদের বিপক্ষে নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে খেলেই ম্যাচ সেরা হন ওয়াটকিন্স। ইংলিশ ফুটবলের নায়কও এখন তিনি।
ফাইনাল সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ড মেনে নিলেন বাস্তবতা। তার মতে, টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল স্পেন।
“তারা আমাদের চেয়ে কঠিন পথ পেরিয়ে এসেছে, তথাকথিত বড় দল ইতালি, জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে খেলেছে…আমি মনে করি তারা সম্ভবত এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল।”
“স্পেনের উইঙ্গাররা খুবই গতিশীল, তরুণ, আত্মবিশ্বাসে ভরপুর এবং সরাসরি আক্রমণে ওঠে। অবশ্য আমাদের দলেরও সব জায়গা থেকে গোল আছে এবং বিশ্বমানের প্রতিভা রয়েছে, তাই খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। ম্যাচটি দেখতে এবং এর অংশ হতে তর সইছে না। আশা করি আমরা শিরোপা জিততে পারব।”
