১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে বসনিয়া, স্টেডিয়ামের সবার বিয়ারের খরচ দিয়ে কথা রাখবেন দেমিরোভিচ

ইতালির বিপক্ষে ম্যাচের আগে এই ফরোয়ার্ড প্রতিশ্রুতি দেন, বসনিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে নিজের ক্লাব স্টুটগার্টে গোটা স্টেডিয়ামের সবার পানীয়ের খরচ দেবেন তিনি।

বিশ্বকাপে বসনিয়া, স্টেডিয়ামের সবার বিয়ারের খরচ দিয়ে কথা রাখবেন দেমিরোভিচ
বসনিয়ার জয়ের পর সতীর্থের সঙ্গে দেমিরোভিচের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 04:41 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বসনিয়া ও হার্জেগোভিনা তো বিশ্বকাপে পৌঁছেই গেল। এরমেদিন দেমিরোভিচ কি এখন প্রতিশ্রুতি রক্ষা করবেন? বসনিয়ার এই ফরোয়ার্ড বলছেন, বিন্দুমাত্র কোনো সংশয় নেই। তার অনেক পয়সা খরচ হয়ে যাবে, তবে সেটি তিনি করবেন সানন্দেই!

প্লে-অফের লড়াইয়ের আগে দেমিরোভিচ বলেছিলেন, বসনিয়া যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তার ক্লাব ভিএফবি স্টুটগার্টের পরের ম্যাচে গোটা স্টেডিয়ামের পানীয়ের খরচ তার।

জার্মান ক্লাবটির ঘরের মাঠ এমএইচপি অ্যারেনার দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজারের একটু বেশি। ম্যাচে যদি এর পাশেপাশে দর্শক থাকে, তাহলে ৩ লাখ ইউরোর (প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলার) মতো খরচ হবে দেমিরোভিচের। এই মাঠে এক পাইন্ট বিয়ারের দাম ৫ ইউরো।

বুন্ডেসলিগায় পয়েন্ট তালিকায় তিনে থাকা স্টুটগার্ট পরের ম্যাচটি খেলবে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। শনিবারের ম্যাচটিতে গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকারই কথা। 

দেমিরোভিচ যখন কথাটি বলেছিলেন, অনেকেই সেটিকে মজা হিসেবেই নিয়েছিলেন। প্লে-অফে বসনিয়ার জয়ের সম্ভাবনাও খুব বেশি লোকে দেখেনি। প্রতিপক্ষ ছিল যে ইতালি। তবে দারুণ ফুটবল উপহার দিয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বসনিয়া।

ম্যাচের পর স্কাই স্পোর্টস দেমিরোভিচকে জিজ্ঞেস করেন, প্রতিশ্রুতি কি রাখবেন? ২৮ বছর বয়সী ফরোয়ার্ড উত্তর দিয়ে দিলেন ঝটপট।

“যা বলেছিলাম, অবশ্যই তা করব। আমি এক কথার মানুষ। পানীয়ের খরচ আমার…।”

“যদিও ব্যাপারটি সম্ভবত বেশ ব্যয়বহুল হবে। তবে এমন একটি অর্জনের পর ভালোবাসা নিয়ে আন্তরিকভাবেই করব। স্টুটগার্ট, ড্রিঙ্কস আর অন মি…।”

২০২৪ সাল থেকে স্টুটগার্টে খেলছেন দেমিরোভিচ। জাতীয় দলে খেলছেন আরও তিন বছর আগে থেকেই। ইতালির বিপক্ষে ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। তারা শেষ পর্যন্ত বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছেন, ব্যাপারটি যেন এখনও বিশ্বাস হচ্ছে না তার। 

“পরাবাস্তব অনুভূতি হচ্ছে যেন। কোনো কথা খুঁজে পাচ্ছি না, ভাষা হারিয়ে ফেলেছি…।”

“আমরা সত্যিই খুব ভালো খেলেছি এবং বিশ্বকাপ জায়গা করে নেওয়া আমাদের শতভাগ প্রাপ্য। দেশের জন্য আমরা যা অর্জন করেছি, এখনও ঠিকমতো বুঝে উঠতে পারছি না যেন…।”

বিশ্বকাপেও দারুণ কিছুর সুযোগ বসনিয়ার আছে। খুব কঠিন গ্রুপে তারা পড়েনি। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, কাতার ও কানাডা।