জয়ে খুশি বার্সা কোচ, জয়ের ধরনে নয়
তিন পয়েন্ট পেলেও দলের খেলায় উন্নতির অনেক জায়গা দেখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
তিন পয়েন্টের স্বস্তি আছে। কিন্তু হৃদয়ের তিয়াস মেটেনি হান্সি ফ্লিকের। দলের খেলায় পুরোপুরি মন ভরেনি বার্সেলোনা কোচের। বিশেষ করে, প্রথমার্ধ শেষে তার কপালে ছিল চিন্তার ভাজ। সামনে তাকিয়ে তাই উন্নতির অনেক অবকাশ দেখছেন কোচ।
লা লিগায় শনিবার লাস পালমাসের মাঠে প্রথমার্ধে গোল বের করতে পারেনি বার্সেলোনা। খুব গুছিয়ে আক্রমণও করতে পারেনি তারা। বরং খেলা ছিল কিছুটা ছন্নছাড়া।
বদলি নামা দানি ওলমোর গোলে ৬২তম মিনিটে দুর্ভাবনা কিছুটা দূর হয় তাদের। পরে ৯০ মিনিটে শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বদলি নামা আরেক ফুটবলার ফেররান তরেস।
ম্যাচ শেষে ফ্লিক বললেন, প্রথমার্ধে দলের খেলা দেখে বেশ বিরক্ত ছিলেন তিনি।
“এই ম্যাচ নিয়ে আমি পুরোপুরি খুশি নই। তিন পয়েন্ট পেয়ে অবশ্য খুশি।”
“প্রথমার্ধ শেষে চিন্তিত ছিলাম। বিরতিতে কিছু ব্যাপার শুধরে নিতে বলেছি দলকে। তারা উপলব্ধি করতে পেরেছে এবং পরে পারফরম্যান্সের উন্নতি হয়েছে। তারা দেখেছে, কীভাবে দ্বিতীয়ার্ধে উন্নতি করা যায়।”
কোন জায়গায় উন্নতির তাগিদ দিয়েছিলেন দলকে, সেটিও তুলে ধরলেন বার্সেলোনা কোচ।
“ব্যাপারটি ছিল পুরো দল মিলে দলের জন্য সম্পৃক্ত হওয়া। আরেকটি ম্যাচে গোল না খেয়ে পার করে দেওয়া ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা অনেক বল হারিয়েছি। এই জায়গায় উন্নতি করাও জরুরি ছিল।”
এ দিনই আগের ম্যাচে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে কয়েক ঘণ্টা পরই আবার এই জয়ে বার্সেলোনা উঠে যায় শীর্ষে।
২৫ ম্যাচ ৫৪ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে এক পয়েন্ট পেছনে আতলেতিকো। ২৪ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট রেয়াল মাদ্রিদের।
ঘরের মাঠে রোববার রেয়াল যদি জিরোনার সঙ্গে জেতে, তারপরও সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে থাকবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়।
ফ্লিক তাই এখানে খুশি। যদিও সামনে তাকিয়ে দলকে আরও উন্নতির তাড়া দিলেন তিনি।
“সব মিলিয়ে বলা যেতে পারে, আমি খুশি…. কারণ এখনও শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি এবং ভালো অবস্থানে আছি। তবে আমরা জানি যে, এখান থেকে আরও উন্নতি আমরা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে হলে, উন্নতির সেই ধারা ধরে রাখতে হবে আমাদের।”
