টিকেট না পাওয়ায় সাবিনাদের ভুটান যাত্রা স্থগিত!
জুলাইয়ের শেষ দিকে অথবা অগাস্টের শুরুর দিকে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে ভুটানে যাওয়ার কথা বললেন মাহফুজা আক্তার কিরণ।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ভুটানে গিয়ে তাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। সে লক্ষ্যে সোমবার দেশটির উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল সাবিনা-মারিয়াদের। কিন্তু ভুটানে যাওয়ার টিকেটই মেলেনি! আপাতত তাই ভেস্তে গেছে ভুটান যাত্রা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ভিডিও বার্তায় জানিয়েছেন, সরাসরি ভুটানে যাওয়ার উপায় দ্রুক এয়ারে প্রয়োজনীয় টিকেট পাননি তারা।
“ভুটানে সরাসরি যাওয়ার একমাত্র এয়ারলাইন্স দ্রুক এয়ার। দ্রুক এয়ারেই আমাদের যাওয়ার কথা ছিল। যেহেতু ৮ তারিখে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমরা সিট পেয়েছি ১৫টা। ওদের মনে হয় সিটই ৩৫টি, কিন্তু আমরা পেয়েছি ১৫টি, অথচ আমাদের দলের জন্য দরকার ৩১টি। তাছাড়া আমরা রিটার্ন টিকেটও পাচ্ছি না। ফ্লাইট সমস্যার কারণে তাই আপাতত যাওয়া হচ্ছে না।”
“আমরা ভুটানের সাথে কথা বলছি। ওরা এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেছে, আরেকটা দল খুঁজছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য। আমরা ২২ জুলাইয়ে যাওয়ার টিকেট পেয়েছি, রিটার্ন টিকেট এখনও পায়নি। ভুটান ফুটবল ফেডারেশনের সাথে কথা হচ্ছে, রিটার্নের ব্যাপারে। টুর্নামেন্ট হতে পারে জুলাইয়ের শেষ দিকে বা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে।”
চার জাতি টুর্নামেন্ট খেলতে চলতি জুলাইয়ে লেবানন যাওয়ার কথা ছিল মেয়েদের। কিন্তু সেটি বাতিল করে ভুটানে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। এই দুটি ম্যাচ হওয়ার কথা ছিল ১১ ও ১৪ জুলাই।
সাবিনা-মারিয়ারা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চাইনিজ তাইপের বিপক্ষে; কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
গত ৩১ মে প্রথম প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের পর ৩ জুন দ্বিতীয় ম্যাচেও ১-০ গোলে হেরেছিল মেয়েরা।
আগামী অক্টোবরে নেপালে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এবার দেশটিতে মেয়েরা যাবে মুকুট ধরে রাখার মিশন নিয়ে। সাফের প্রস্তুতির জন্য এই প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে বাফুফে, কিন্তু নানা কারণে মাঠে নামাই হচ্ছে না মেয়েদের।
