সর্বোচ্চটা দিয়ে বায়ার্নের বিপক্ষে ‘ফাইনাল’ জিততে মরিয়া বেলিংহ্যাম
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান খুব কঠিন হলেও, চলতি মৌসুমে এখানেই কেবল শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন রেয়াল মাদ্রিদ তারকা।
ঘরের মাঠে হেরে নিজেরাই নিজেদের খাদের কিনারায় ঠেলে দিয়েছে রেয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে গিয়ে তাদের জন্য ব্যবধান ঘুচিয়ে দেওয়াটা হবে খুব কঠিন, সেটাও আবার বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে। পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং, বুঝতে পারছেন জুড বেলিংহ্যাম। তবে রেয়াল মাদ্রিদ তারকার দৃঢ় বিশ্বাস, আরেকবার ঘুরে দাঁড়ানোর গল্প তারা লিখতে পারবে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের বিপক্ষে প্রথম দেখায় ২-১ গোলে হেরেছে রেয়াল। বুধবার ফিরতি লেগ হবে বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
বায়ার্নের বিপক্ষে ওই পরাজয়ের আগে-পরে লা লিগায় দুটি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি রেয়াল। হঠাৎ করেই যেন সাফল্যের চেনা পথটা ভুলে গেছে তারা। দলটির পারফরম্যান্সেও নেই উদ্যম; রক্ষণে বারবার গড়বড় হচ্ছে, মাঝমাঠ ছন্দহীন, আক্রমণে নেই ধার।
খুব কঠিন লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের কণ্ঠেও ফুটে উঠল তাই। স্পষ্ট উচ্চারণে স্বীকার করে নিলেন নিজেদের দায়। ভুলটা শুধরাতে তাই আরও বেশি মরিয়া তিনি। সতীর্থদের দিলেন একই বার্তা।
“আমার মনে হয়, (লক্ষ্য ছোঁয়া) খুব কঠিন হবে এবং এটা আমাদেরই দায় যে আমরা স্কোরবোর্ডে পিছিয়ে আছি। লড়াইটা খুব কঠিন ও দীর্ঘ হবে এবং আমাদের অবশ্য মনোবল শক্ত রাখতে হবে।”
“যেকোনো পরাজয়ই অনেক বড় ধাক্কা, আর আমরা যে অবস্থানে আছি তাতে এটা ফাইনাল। আমাদের অনেক কিছু হারানোর আছে, তাই আমাদের ভালো খেলতে হবে। আমরা বিশ্বাস করি যে (জিততে পারব), কারণ এছাড়া আমাদের আর কোনো সুযোগ নেই। এটা এমন একটা ম্যাচ, যা আমাদের খেলতে ও জিততে হবে।”
লা লিগায় সাত রাউন্ড বাকি থাকতে শীর্ষস্থান থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে রেয়াল মাদ্রিদ (৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে মাদ্রিদের দলটি)। আর কোপা দেল রে থেকে তো অনেক আগেই ছিটকে পড়েছে তারা।
তাই একটা শিরোপা জিতে মৌসুম শেষ করার এটাই বলা যায় একমাত্র সুযোগ রেয়ালের জন্য। কোনোভাবেই তা হাতছাড়া করতে চান না বেলিংহ্যাম।
“লা লিগার পরিস্থিতি বিবেচনায় এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লড়াই এবং কোপা দেল রেতেও আমরা নেই। তাই এটা ফাইনালের মতো। আমরা লড়াই করতে ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমরা একটা শিরোপা জয়ের জন্য খেলতে চাই। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এবং জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।”
