বার্সেলোনার জার্সিতে প্রথম গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী আদেইয়েমি
দলের শক্তি ও নিজের সামর্থ্যে আস্থা রেখে দারুণ কিছু অর্জনের সম্ভাবনা দেখছেন এই জার্মান উইঙ্গার।
বাঁ দিক খেকে সতীর্থের পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, ঠাণ্ডা মাথার টোকায় জায়গা বানিয়ে, প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরাল শটে বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পেলেন কারিম আদেইয়েমি। কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট নয়, গোলটি তিনি করেছেন প্রীতি ম্যাচে। তবে, এই গোলই এবং দলের পারফরম্যান্স তাকে আগামীর জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে।
প্রাক-মৌসুমে প্রস্তুতিপর্বে রোববার সুইজারল্যান্ডের বাসেলে এফসি বাসেলের বিপক্ষে ৫-২ গোলে গোলে জিতেছে বার্সেলোনা।
৩৪তম মিনিটে আদেইয়েমির গোলেই এগিয়ে যায় তারা। প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে হামজা আব্দেলকারিমের গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। ৮১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান লামিন ইয়ামাল।
কিছুক্ষণ পর বাসেলও একটি পেনাল্টি পায় এবং তা থেকে ব্যবধান কমায় তারা। তবে, শেষ ৮৯ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন গত জুলাইয়ে বার্সেলোনায় যোগ করেন ১৮ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার জেসে বিসিয়ু।
আদেইয়েমিও গত মাসে যোগ দেন কাম্প নউয়ে, বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে। নতুন ক্লাবে দ্রুত মানিয়ে নিয়ে, মূল প্রতিযোগিতার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।
“দারুণ লাগছে। আমার মতে, ম্যাচটা আমরা ভালো খেলেছি, আমরা এখনও মানিয়ে নিচ্ছি। এখানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি আরও চাই। এটা একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।
“আমি প্রতিটা দিন উপভোগ করছি এবং দলের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং প্রতিদিন আরও উন্নতি করার চেষ্টা করছি। এমন এক শহরে থাকতে পারা এবং এত বড় ক্লাবে খেলা অবিশ্বাস্য ব্যাপার। এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং প্রতিদিন আরও শেখার চেষ্টা করছি। আমি শেখার চেষ্টা করছি, মাঠে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং আমার মনে হচ্ছে, ধারণার চেয়ে এটা আরও বেশি কঠিন।”
তবে, দলের শক্তি ও নিজের সামর্থ্যে আস্থা রেখে দারুণ কিছু অর্জনের সম্ভাবনা দেখছেন আদেইয়েমি।
“অবশ্যই আমরা প্রস্তুত, আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, সবাই তা দেখতেও পাচ্ছে, সবাই ভালো খেলতে পারে, এবং সবাই প্রস্তুত। বুধবার আমরা ভালো একটা ম্যাচ খেলব, এবং আগামী ম্যাচে আরও ভালো খেলব।”
মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরুর আগে, আগামী বুধবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। ঘরের মাঠে এক ম্যাচের শিরোপা লড়াই জুয়ান গাম্পের ট্রফিতে আল আহলির মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।
