তিন পয়েন্টের চেয়েও বার্সেলোনা কোচ বেশি খুশি অন্য কারণে
চলতি লা লিগায় এখনও পর্যন্ত ৭১টি গোল করেছে বার্সেলোনা, তাদের ধারেকাছে নেই কোনো দল।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষ তিন দলের ব্যবধান তিন পয়েন্টের। তবে একটি জায়গায় বার্সেলোনার ধারেকাছে কেউ নেই। গোলের সংখ্যায় তারা এগিয়ে বিপুল ব্যবধানে! এমনকি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বেও সবচেয়ে বেশি গোল করেছে কাতালানরা। দলের খেলার এই ধরন, আক্রমণ ও গোলের প্রতি তাড়না দেখে ম্যাচ জয়ের চেয়ে বেশি তৃপ্তি পাচ্ছেন কোচ হান্সি ফ্লিক।
গোলের সেই জোয়ারেই লা লিগায় রোববার রেয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে ভাসিয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা আবার।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। এক পয়েন্ট পেছনে আতলেতিকো মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ, একসময় যারা ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে ছিল, তাদের পয়েন্ট এখন ৫৪।
লিগের এই ২৬ ম্যাচে বার্সেলোনা গোল করেছে ৭১টি। এখনও পর্যন্ত ৫০ গোল করতে পেরেছে আর কেবল একটি দল। তারপরও ব্যবধানটা অবশ্য অনেক। ৫৫ গোল করেছে রেয়াল মাদ্রিদ। আর কোনো দল এখনও পর্যন্ত ৪৫ গোলও করতে পারেনি।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বেও সবচেয়ে বেশি গোল করেছে বার্সেলোনাই। ৮ ম্যাচে ২৮ গোল ফ্লিকের দলের। আর কোনো দল ২২ গোলের বেশি করতে পারেনি।
সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ের পর দলের এই মানসিকতারই প্রশংসা করলেন কোচ ফ্লিক।
“এই ঘরানাতেই আমরা খেলতে চাই। আমার প্রথম ভাবনা সবসময়ই থাকে আক্রমণ নিয়ে। সবসময় পাস দিতে চাই, আক্রমণ করতে চাই, আগ্রাসী খেলতে চাই। দলের সবার গোল করার ক্ষুধা প্রবল।”
“এই মানসিকতা থাকা দারুণ ব্যাপার। আজকে আমরা সঠিক পজিশনে ছিলাম সবাই। এটা আমাদেরকে অনেক সহায়তা করে, কারণ শেষ লাইন ধরে প্রচুর পাস খেলার সুযোগ করে নিতে পারি আমরা। তিন পয়েন্টের চেয়েও বেশি খুশি গোলের ক্ষুধা দেখে।”
বার্সেলোনার মাঠে এ দিন ম্যাচের ১৭তম মিনিটেই এক ডিফেন্ডারের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। পরের ১৩ মিনিটের মধ্যে দুটি গোল করে কাতালানরা, পরে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে গোল হয় আরও দুটি।
ফ্লিক অকপটেই বললেন, প্রতিপক্ষের ওই লাল কার্ড দারুণভাবে সহায়তা করেছে বার্সেলোনাকে।
“আজকে অনেক কিছুই আমাদেরকে সহায়তা করেছে বড় জয় পেতে। লাল কার্ডও সেটির মধ্যে একটি। তবে আমরা দারুণ খেলেছিও। লাল কার্ডের পর আমরা দাপট দেখিয়েছি এবং এভাবেই খেলতে চাই আমরা।”
দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে দলে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বেনফিকার বিরুদ্ধে ম্যাচের জন্য ফুটবলারদের তরতাজা রাখতে চান কোচ।
“বদলিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছেলেরা একটু বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে। আশা করি, এটা কাজে দেবে আমাদের জন্য। আমাদের সঙ্গে ম্যাচের আগে বেনফিকা সুযোগ পেয়েছে এক সপ্তাহ ধরে প্রস্তুতির। আমাদেরকেও তাই সতর্ক হতে হবে।”
