ঘরের মাঠে বিধ্বস্ত হয়ে ইউনাইটেড কোচের উপলব্ধি, ‘কঠিন মুহূর্ত’
প্রিমিয়ার লিগ যুগে বড়দিনের আগে এতটা খারাপ অবস্থা আগে কখনও হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের।
ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাময় পথচলা এর চেয়ে কি বাজে হতে পারে? দলটির কোচ হুবেন আমুরিও হয়তো নিজের মনেই এর উত্তর খুঁজছেন। বোর্নমাউথের বিপক্ষে নিজেদের আঙিনায় ৩-০ গোলের বিব্রতকর পরাজয়ের পর তিনি যেমন বলেই দিলেন, সবকিছুই খুব কঠিন হয়ে গেছে।
সত্যিই তাই। মাঠে ইউনাইটেডের বাজে অবস্থা অবশ্য নতুন নয়। তবে সেটাই এবার যেন নতুন মাত্রা পেয়েছে। টানা ব্যর্থতার দায়ে সাবেক কোচ এরিক টেন হাগকে ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয়েছে স্পোর্তিংয়ে দুর্দান্ত সময় কাটানো আমুরিকে। কিন্তু, তার হাত ধরেও সেই একই অধারাবাহিক পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে শেষের দুই গোলে নাটকীয় জয় তুলে নিয়ে ইউনাইটেড। টানা চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে অমন প্রত্যাবর্তনের গল্প লেখার পর আমুরির দলকে ঘিরে নতুন করে সম্ভাবনা জাগে। কিন্তু কোথায় কী!
চার দিনের মাথায় লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যায় ইউনাইটেড। ওই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই এবার লিগে বোর্নমাউথের বিপক্ষে এই হার।
দুর্ভাবনার আরেকটি বড় বিষয় হলো, দুটি ম্যাচেই প্রতিপক্ষের চেয়ে আক্রমণে আধিপত্য করেও পরাজিত দল ইউনাইটেড। বোর্নমাউথের চেয়ে দ্বিগুণের বেশি শট নিয়ে একটিও গোল করতে পারেনি তারা। সবকিছু মিলিয়েই পরিস্থিতি ভীষণ জটিল হয়ে পড়েছে, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আমুরিও সেই কথাই বললেন।
“কঠিন এক মুহূর্ত, কিন্তু আমাদের এর মোকাবিলা করতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।”
“তাদের কোচিং করানো আমার দায়িত্ব। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে সবকিছু আরও কঠিন লাগছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ঘরের মাঠে ৩-০ গোলে হার, ক্লাবের সবার জন্যই মেনে নেওয়া কঠিন। অবশ্যই সমর্থকরা খুবই হতাশ ও ক্লান্ত।”
এবারের লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেই সাতটিতে হেরেছে ইউনাইটেড। ২২ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে; প্রিমিয়ার লিগ যুগে বড়দিনের আগে লিগ টেবিলে এতটা খারাপ অবস্থান কখনও ছিল না ইউনাইটেডের। লিগের সবসময়ের হিসেবে এর আগে সবশেষ তাদের এমন অবস্থা হয়েছিল ১৯৮৯ সালে।
