জানুয়ারির উইন্ডোতে খরচের নতুন রেকর্ড
গত বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার ৫৮ শতাংশ বেশি হয়েছে।
ক্লাব ফুটবলে অর্থের দাপট দিনে দিনে বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে সবশেষ ট্রান্সফার উইন্ডোতেও। জানুয়ারিতে বিশ্বজুড়ে ক্লাবগুলো খেলোয়াড় কিনতে খরচ করেছে ২৩৫ কোটি ডলার। বছরের এই সময়ে ট্রান্সফার উইন্ডোর হিসেবে যা নতুন রেকর্ড।
ফিফার শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার ৫৮ শতাংশ বেশি হয়েছে। আর আগের রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে, ১৫৭ কোটি ডলার; তা থেকে এবার ৪৭.১ শতাংশ বেশি।
গত ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট পাঁচ হাজার ৮৬৩ জন খেলোয়াড়ের দলবদল হয়েছে। জানুয়ারির দলবদলের হিসেবে এটাও নতুন রেকর্ড; গত বছরের চেয়ে ১৯.১ শতাংশ বেশি।
আন্তর্জাতিক খেলোয়াড় কেনাবেচায় এই উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো, ৬২ কোটি ১৬ লাখ ডলার। এর মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে ২২ কোটি ৪০ লাখ ডলার।
অবশ্য একজন খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে সৌদি আরবেন ক্লাব আল নাস্র। অ্যাস্টন ভিলা থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানকে প্রায় আট কোটি ডলারে দলে টেনেছে সৌদি প্রো লিগের দলটি।
খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্সের ক্লাবগুলো, ৩৭ কোটি ১০ লাখ ডলার।
নারী ফুটবলেও এবারের দলবদলে পুরোনো রেকর্ড ভেঙে গেছে। ক্লাবগুলো এবার মোট খরচ করেছে ৫৮ লাখ ডলার, আগের রেকর্ড খরচের চেয়ে এবার যা ১৮০.৬ শতাংশ বেশি। মোট ৪৫৫ জন খেলোয়াড়ের দলবদল হয়েছে।
