‘দক্ষিণ এশিয়ার ফুটবলারদের চেয়ে হামজা আলাদা’
হামজা চৌধুরীর থাকায় বাংলাদেশ দল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন ভুটান কোচ আতসুশি নাকামুরা।
দলের হারের চেয়েও হামজা চৌধুরীকে নিয়েই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেশি প্রশ্নের মুখোমুখি হলেন ভুটান কোচ আতসুশি নাকামুরা। ভাঙা-ভাঙা ইংরেজিতে যতটা পারলেন তিনি প্রশংসায় ভাসিয়ে দিলেন প্রতিপক্ষ দলের ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ভুটানের এই জাপানি কোচের মনে হচ্ছে, মানের দিক থেকে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের চেয়ে আলাদা হামজা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে হারে ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে পাশাপাশি থাকলেও মাঠের খেলায় দুই দলের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ সময়ই খেলা হয়েছে ভুটানের অর্ধে।
ষষ্ঠ মিনিটেই দারুণ হেডে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। দেশের মাঠে প্রথম খেলতে নেমে জাতীয় দলের হয়ে গোলের খাতাও খোলেন তিনি। ম্যাচের বাকিটা সময় মাঝমাঠে বাংলাদেশের দখল রাখতে হামজার ভূমিকা ছিল দারুণ। সংবাদ সম্মেলনে ভুটান কোচ নাকামুরা তাই মাতলেন হামজার স্তুতিতে।
“হামজাকে আটকানো কঠিন। সে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের চেয়ে আলাদা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান দলটির মাঝমাঠ খুবই শক্তিশালী। আমি বলব না, এটা শুধু হামজারই কারণে, তবে স্পেশাল কারণ তো অবশ্যই দলটিতে হামজার থাকা।”
দ্বিতীয়ার্ধের শুরুতে হামজার মতোই আরেক মিডফিল্ডার সোহেল রানা ব্যবধান দ্বিগুণ করেন। সহজ জয়ে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচের আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে বাংলাদেশ।
নাকামুরার মনে হচ্ছে, হামজার কারণে এই বাংলাদেশ আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী। আগের চেয়ে বদলেও গেছে। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের প্রসঙ্গ টেনে ভুটান কোচ স্পষ্টই বলে দিলেন, এই হারে খুব একটা হতাশ নন তিনি।
“সবশেষ আমরা ভুটানে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম, আমার মনে হয়, এই বাংলাদেশ সেই তুলনায় শক্তিশালী। হামজাকে পাওয়া বাংলাদেশ আরও ভালো হয়েছে। পাঁচ-ছয় মিনিটের মধ্যে হামজা তাদেরকে গোল এনে দিয়েছে। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু যা হয়েছে, ঠিকাছে।”
“কেবল গোল নয়, বাংলাদেশের খেলায় সে প্রভাব রেখেছে। আমার মনে হয়, হামজার আসাটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে। আগের দিনও বলেছিলাম, কেবল হামজার কারণে নয়, অন্য খেলোয়াড়দের কারণেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। তাদের গতি আছে, শারীরিক সামর্থ্য আছে। আগের তুলনায় হামজাকে নিয়ে বাংলাদেশ দল বদলে গেছে।”
