Published : 06 Sep 2026, 07:26 PM
বাছাই পেরুনোর ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জিততেই হতো বাংলাদেশকে, পাশাপাশি তাকিয়ে থাকতে হতো গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকে। সে লক্ষ্যে নেমে নিজেদের মেলে ধরতে পারলেন না মানিক-জিদানরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধেও বিবর্ণ ফুটবল খেলল দল। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই থেকেই বিদায় ঘণ্টা বাজল বাংলাদেশের।
তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইয়ে তিন ম্যাচের সবগুলোতেই হারের তেতো স্বাদ পেয়েছে দল।
স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরে বাছাই শুরুর পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এই দুই হারের পর কোচ জেরার্ড জোন্সকে ছাঁটাই করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হাল ধরেন আতিকুর রহমান মিশু। কিন্তু তার অধীনেও শেষটা ভালো করতে পারল না দল।
সিরিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ভারত আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে বাংলাদেশকে।
পাল্টা আক্রমণে ত্রয়োদশ মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় বাংলাদেশ। অ্যাডাম ইব্রাহিমের কাটব্যাকে পা ছোঁয়ানোর কেউ ছিলেন না। ১৯তম মিনিটে নাজদুল হুদা ফয়সালের দুর্বল শট গোলকিপারের কাছে যায়। দূরের পোস্টে তিনি শট নিলে হয়তো গোল হতে পারত।
২০তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাছের পোস্টে জোরাল শট নেন ঋষি সিং। কোনমতে পা দিয়ে আটকে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন উজবেকিস্তান ও সিরিয়া ম্যাচে একাধিক সেভ করা গোলকিপার রাজ চৌধুরী।
পাঁচ মিনিট পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের ছোট পাস ফাঁকায় থাকায় পেয়ে যান ড্যানি মেইতে। ঠাণ্ডা মাথায় বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। রাজ পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও আটকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ভারতকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। উল্টো ৬০তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে দল। সতীর্থের ক্রসে ঋষিকান্ত মেইতের হেড পাসে দৃষ্টিনন্দন ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন ভিশাল ইয়াদব। রাজ ঝাঁপিয়েও পাননি বলের নাগাল।
ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ ভালো সুযোগ তৈরি করে ৭৫তম মিনিটে। কিন্তু বাম দিক দিয়ে এক ছুটে বক্সে ঢুকে বদলি ফরোয়ার্ড জয় আহমেদের শট যায় ক্রসবারের উপর দিয়ে। এর একটু পরই মোহাম্মদ আরবাসের জোরাল শটে রাজ পরাস্ত হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা।