২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের রেয়ালকে পেয়ে ‘ডার্বির’ স্বাদ পাচ্ছেন গুয়ার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দুই লেগেই ভালো করে পরের ধাপে যাওয়ার লক্ষ্য ম্যানচেস্টার সিটি কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। ইউরোপ সেরার মঞ্চে টানা চারবার মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের প্রভাবশালী ক্লাব দুটি। এই দ্বৈরথকে তাই ডার্বির মতো মনে হচ্ছে সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব শেষে শীর্ষ আট দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। এই তালিকায় নেই রেয়াল ও সিটি। একাদশ স্থানে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ২০২৩ আসরের শিরোপাজয়ীরা বাদ পড়ার দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ২২তম হয়ে টিকে গেছে।

নিয়ম অনুযায়ী নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আটটি স্থানের জন‍্য। যার ড্র হয়েছে শুক্রবার। যেখানে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়ন রেয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ চ‍্যাম্পিয়ন সিটি।

দল দুটির লড়াই অন্য উচ্চতায় পৌঁছে গেছে আগেই। গত তিন মৌসুমে ধ্রুপদি ও স্মরণীয় কয়েকটি ম্যাচের জন্ম দিয়েছে তারা। আরও একবার তাদের দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমিরা।

নকআউট পর্বে এ নিয়ে টানা চার আসরে ইউরোপের সফলতম দল রেয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি।

২০২১-২২ আসরে এই দুই দলের দ্বৈরথ অবিশ্বাস্য এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। রোমাঞ্চে ঠাসা প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর রেয়ালের মাঠেও জয়ের পথে ছিল সিটি। সেখান থেকে একেবারে শেষ সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে ওঠে মাদ্রিদের দলটি। পরে চ্যাম্পিয়নও হয় তারা।

আর পরেরবার শেষ চারের প্রথম দেখায় রেয়ালের মাঠে ১-১ ড্র করে গুয়ার্দিওলার দল। পরে ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে সিটি। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে দলটি।

গতবারও দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-৩ ড্রয়ের পর দ্বিতীয় শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে সিটিকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে রেয়াল। পরে শিরোপাও জিতে নেয় তারা।

ফের রেয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গুয়ার্দিওলা বললেন, তার কাছে এখন এই লড়াইকে একই শহরের দুই দলের ম‍্যাচের মতো লাগছে।

“টানা চার বছর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব আমরা। এটা আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে।”

“তবে বায়ার্ন কিংবা মাদ্রিদ, দুই দল সত‍্যিই কঠিন প্রতিপক্ষ। আশা করি, আমরা এখানে (ঘরের মাঠে) প্রথম লেগে জিততে পারব এবং তারপর মাদ্রিদে যতটা সম্ভব ভালো খেলতে পারব।”

দুদিন আগেই রেয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, সিটি মুখোমুখি হতে চান না তারা। কিন্তু তার আশা পূরণ হয়নি। আরও একবার তার কণ্ঠে ঝরল একই কথা।

“আমাদের প্রত্যাশা ছিল, তাদের বিপক্ষে না খেলা। কিন্তু আমরা শীর্ষ আটে থাকতে পারিনি এবং তাই এই প্রতিপক্ষ ঠিক আছে।”

“দুটো বেশি বা কম ম্যাচ খেলা সেটা বিষয় নয়…সেটা (বেশি ম্যাচ খেলার চাপ) মোকাবেলা করার জন্য আমাদের খেলোয়াড় রয়েছে।”

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে প্লে-অফের প্রথম লেগ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।