চ্যাম্পিয়ন্স লিগে জায়গা সিটির জন্য ‘আকাশ থেকে পড়বে না’
দুঃসময়ের চক্রে থাকা ম্যানচেস্টার সিটির আরও একটি পরাজয়ের পর শীর্ষ চারে থাকা নিয়ে শঙ্কায় কোচ পেপ গুয়ার্দিওলা।
চোটাঘাত নিয়ে হতাশা, গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পাওয়ার হাহাকার, সবই অনেক করেছেন পেপ গুয়ার্দিওলা। এখন তার কণ্ঠে ফুটে উঠছে বিরক্তি। দলের খেলায় মোটেও মন ভরছে না ম্যানচেস্টার সিটি কোচের। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে হলে জয়ে ফেরার পথ খুঁজে নিতেই হবে, বলছেন তিনি।
লিগের এই পর্যায়ে এসে ম্যানচেস্টার সিটিকে শীর্ষ চারে থাকা নিয়ে দুর্ভাবনায় পড়তে হচ্ছে, এতেই ফুটে উঠছে দলের অবস্থা। শিরোপা ধরে রাখার আশা শেষ তো অনেক আগেই। অভাবনীয় কিছু করার সম্ভাবনাও পিষ্ট হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়ার পর এখন তাদের মূল লক্ষ্য, প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে পরের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।
কিন্তু সেই আশায় বড় চোট লেগেছে শনিবার। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হেরেছে গুয়ার্দিওলার দল।
এই ম্যাচ হারার পরও ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি। তবে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া চেলসির সামনে সুযোগ আছে পরের ম্যাচ জিতে চারে উঠে যাওয়ার।
২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নটিংহ্যামের, ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে লিভারপুল।
সেদিকে এখন তাকানোর চেষ্টাও করছেন না গুয়ার্দিওলা। শীর্ষ চারে থাকা নিয়েই এখন চিন্তার ভাঁজ গুয়ার্দিওলার কপালে।
“আমাদেরকে ম্যাচ জিততে হবে এবং টানা কিছু ম্যাচ জিতে যদি নিরাপদ হতে না পারি, তাহলে আমাদের ধুঁকতে হবে (চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে)। ১০টি ম্যাচ বাকি আছে। কোয়ালিফাই করতে হলে অনেক ম্যাচ জিততে হবে। ব্যাপারটি খুব সাধারণ, জয় ছাড়া উপায় নেই।”
“পথ খুঁজে পেতে হলে আরও ভালো খেলতে হবে। কিছু একটা খুঁজে নিতে হবে। এটা আকাশ থকে পড়বে না। নিজেদেরই করতে হবে, জায়গা আদায় করে নিতে হবে। দলের এই অবস্থায় কিছু একটা খুঁজতে হবে।”
পথ খুঁজে নেওয়ার শুরুটা পরের ম্যাচ থেকেই শুরু করতে চান গুয়ার্দিওলা।
“পরিস্থিতি এখন যেমন আছে, মেনে নিতে হবে। ১০টি ম্যাচ বাকি আছে। পরের শনিবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচ, এরপর আন্তর্জাতিক ম্যাচের বিরতি। পরে আমরা দেখব, কী হয়।”
