২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের নিশ্চয়তা পেলেন ম্যান ইউনাইটেড কোচ

স্যার অ্যালেক্স ফার্গুসনের শুরুর সময়ের টালমাটাল অবস্থার সঙ্গে বর্তমন কোচ হুবেন অ্যামুরির তুলনা করলেন ক্লাবের সহ-স্বত্বাধিকারী জিম র‌্যাটক্লিফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

এখন তাহলে স্বস্তির শ্বাস নিয়ে স্রেফ মাঠেই মন দিতে পারেন হুবেন অ্যামুরি! তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল নিত্যই। শঙ্কা কিছু তার মনেও নিশ্চয়ই ছিল। তবে আপাতত চাকরি নিয়ে দুর্ভাবনায় থাকতে হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে। ক্লাবের স্বত্বাধিকারীদের একজন জিম র‌্যাটক্লিফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিজেকে প্রমাণের তিন বছর সময় পাবেন অ্যামুরি।

এরিক টেন হাগকে বরখাস্ত করে অ্যামুরিকে কোচের দায়িত্ব দেওয়ার নেপথ্যে ছিলেন র‌্যাটক্লিফই। তবে এখনও পর্যন্ত প্রত্যাশার প্রতিদান মেলেনি। দুঃসময়ের চক্র থেকে বের হওয়া বহুদূর, ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে নতুন তলানিতে। 

গত বছর ১৫ নম্বরে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তারা। সেই ১৯৭৩-৭৪ মৌসুমে রেলিগেটেড হওয়ার পর এটিই ছিল শীর্ষ লিগে তাদের সবচেয়ে বাজে ফলাফল। অ্যামুরি দায়িত্বে আসার পর ৩৪ ম্যাচে জয় ধরা দিয়েছে স্রেফ ১০টি।

ক্লাবের পক্ষ থেকে তবু নানা সময়ে অ্যামুরির ওপর আস্থা রাখার কথা বলা হয়েছে। তবে এবার সবচেয়ে জোরালভাবে ভরসা রাখার কথা জানিয়ে গুঞ্জন আপাতত থামিয়ে দিলেন র‌্যাটক্লিফ। 

ক্লাবের ইতিহাসের সফলতম কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের শুরুর সময়টার সঙ্গে অ্যামুরির শুরুটার তুলনা করলেন র‌্যাটক্লিফ। ক্লাবের ৩০ শতাংশ শেয়ারের মালিকানা তার, ফুটবল বাণিজ্যের দিকটি দেখে থাকেন তিনিই। দা টাইমস-এর পডকাস্ট ‘দা বিজনেস’-এ তিনি সমর্থকদের অনুরোধ করলেন ধৈর্য রাখতে।

“অ্যালেক্স ফার্গুসনের প্রথম দুই বছরের গোলমেলে সময়টা মনে পড়ছে আমার, যখন তাকে বরখাস্ত করার দাবি উঠত নিয়মিত। আর্সেনালের মিকেলের (আর্তেতা) দিকে তাকান। প্রথম দুই বছর তারও বিভীষিকার মতো কেটেছে।”

“দিনশেষে অবশ্যই আমরা ফলাফল-নির্ভর ক্লাব। তবে আমাদের ধৈর্যও ধরতে হবে এবং নানা ফলাফলের মধ্য দিয়ে যেতে হবে। আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাটেডে ভালো অনেক কিছুই হচ্ছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। রাতারাতি কিছু হবে না। তিন বছরের মধ্যে হুবেনকে (অ্যামুরি) দেখাতে হবে যে, সে দারুণ একজন কোচ।”

ক্লাবের বেশি অংশের মালিকানা এখনও যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের। তারা যদি অ্যামুরিকে বরখাস্ত করতে চান? র‌্যাটক্লিফ বললেন, এমন কিছু হওয়ার নয়। 

“এমন কিছু অবশ্যই হবে না, কারণ এটি ভালো কাজের সম্পর্কের ব্যাপার। তারা বোর্ড সভায় আসে, একসঙ্গে বসে নানা কিছু নিয়ে কথা বলে।”

“আমরা অবশ্যই নানা ভুল করেছি। এটা নিয়ে কোনো প্রশ্নই নেই যে, চলার পথে আমরা ভুল করেছি এবং সেসব নিয়ে কথাও বলেছি। কেউ তো নিখুঁত নয়।”

মাঠের ফুটবলের চরম দুর্দশার মধ্যেও গত মৌসুমে রেকর্ড আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আয় বাড়লেও অবশ্য সার্বিকভাবে ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখতে পারেনি তারা। গত মৌসুমে ক্ষতির পরিমাণ ৩ কোটি ৩০ লাখ পাউন্ড। তবে সেখানেও ছিল উন্নতির ছাপ। সামগ্রিক ক্ষতির পরিমাণ ১১ কোটি ৩ লাখ পাউন্ড থেকে এক মৌসুমেই নেমে গেছে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডে।

র‌্যাটক্লিফের বিশ্বাস, এই পথে ছুটে আয়ের খেলায় একসময় বিশ্বের সেরা হবে তাদের ক্লাব। 

“গত বছরে আমাদের ফলাফল যদি দেখেন, ইতিহাসের সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছি আমরা। লাভের দিক থেকে ছিল দ্বিতীয় সর্বোচ্চ। অথচ আমরা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারিনি এবং পুনর্গঠনের যে উদ্যোগগুলো নিয়েছি, সেগুলোর প্রভাব এখনো সেভাবে পড়তে শুরু করেনি।”

“সংখ্যাগুলো তাই আরও ভালো হবে। আমার ধারণা, ম্যানচেস্টার ইউনাইটেড হবে বিশ্বের সবচেয়ে লাভজনক ফুটবল ক্লাব এবং আমার আশা, সেই প্রবাহে দীর্ঘমেয়াদী ও স্থায়ী ফুটবলীয় উঁচু মানও গড়ে উঠবে।”

ক্লাবের একাডেমি নিয়ে হতাশাটা অবশ্য আড়াল করেননি র‌্যাটক্লিফ। ডেভিড বেকহ্যাম, গ্যারি নেভিল, পল স্কোলস, রায়ান গিগসের মতো ফুটবলার উপহার দেওয়া একাডেমি এখন কেবল অতীত গৌরবের স্বাক্ষী হয়ে আছে। সেখানেও পালাবদলের জন্য সময় চাইলেন র‌্যাটক্লিফ।

“ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি সত্যিকার অর্থেই মিইয়ে গেছে। একাডেমির সমস্যাও রাতারাতি বদলাবে না। সময় লাগে এতে। মাত্রই আমরা নতুন একাডেমি পরিচালক নিয়োগ দিয়েছি।”