গোল খরায় থাকা এমবাপের পাশে দেশম
এমবাপে কী এরই মধ্যে ইতিহাস গড়েনি?- সমালোচকদের এক হাত নিয়ে এমন তীর্যক প্রশ্নও ছুড়ে দিয়েছেন ফ্রান্স কোচ।
একটু-আধটু ঝলক তিনি দেখিয়েছেন, কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখনও আগ্রাসী রূপে ধরা দিতে না পারা কিলিয়ান এমবাপের দিকে ধেয়ে আসছে সমালোচকদের তীর। ঢাল হয়ে দাঁড়ালেন দিদিয়ে দেশম। সমালোচকদের এক হাত নিয়ে তাদের দিকে পাল্টা প্রশ্নের তীর ছুঁড়ে দিলেন ফরাসি কোচ- এমবাপে কী এরই মধ্যে ইতিহাস গড়েনি?
এমবাপের ইতিহাস গড়া নিয়ে যেমন প্রশ্ন নেই, তেমনি চলমান ইউরোয় ফরাসি অধিনায়কের ছায়া হয়ে থাকাটাও সত্যি। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড কেবল পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল পেয়েছিলেন একটি; তাও পেনাল্টি থেকে।
এমনকি সব বাধা পেরিয়ে সেমি-ফাইনালের মঞ্চে আসা ফ্রান্স এখনও গোল পায়নি ‘ওপেন-প্লে’ থেকে। তাতে দলটির আক্রমণভাগের বিবর্ণতা আরও স্পষ্ট।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকে চোট পাওয়ার পর এক ম্যাচ বিরতি দিয়ে মাস্ক পরে এমবাপে ফেরেন পোল্যান্ডের বিপক্ষে। পেনাল্টি থেকে গোল পান একটি। এরপর থেকে আর জালের দেখা পাননি তিনি।
পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে জেতা ম্যাচেও এমবাপে খেলতে পারেননি পুরোটা। খেলা চালিয়ে যেতে না পারার কথা তিনি নিজেই বলেছিলেন কোচকে; দেশমও তুলে নেন অধিনায়ককে। পেনাল্টি শুট আউটের ‘পরীক্ষা’য় উতরে যায় ফ্রান্স।
ফ্রান্সের সামনে এবার আরও কঠিন ‘পরীক্ষা’। আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মিউনিখে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
সব মিলিয়ে সবশেষ ২০০০ সালে এই ট্রফি জেতা ফ্রান্স হারানো মুকুট ফিরে পাওয়া থেকে দুই সিঁড়ি দূরে দাঁড়িয়ে। দলনেতা এমবাপের আড়মোড়া ভেঙে জেগে ওঠা তাই ভীষণ জরুরি, কিন্তু তেমন ইঙ্গিত মিলছে না বলেই চলছে সমালোচনা।
ফরাসি টেলিভিশনের ফুটবল অনুষ্ঠান তেলেফুটে রোববার দেশম সমালোচকদের মনে করিয়ে দেন এমবাপের অর্জন। যেকোনো অবস্থায় দলে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতি কতটা প্রয়োজনীয়, তুলে ধরেন সেটাও।
“আপনারা কী মনে করেন না, এ পর্যন্ত সে যা করেছে, তাতে এরই মধ্যে সে যথেষ্ট ইতিহাস গড়েনি? এমনকি সে আরও ইতিহাস গড়তে চায়। তাকে দলে পাওয়ার জন্য আমরা, মেডিকেল স্টাফরা যা করতে পারতাম, তার সবটুকু করেছি। প্রস্তুতির সময় তার পিঠে ছোটখাট সমস্যাও ছিল, কিন্তু কিলিয়ান এখানে।”
“এমনকি সে যদি শতভাগ ফিট নাও থাকে, তারপরও আমি খুব ভালো করেই জানি, সে খেলবে এটা জেনেই প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতে হবে।”
২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জেতাতে পারেননি এমবাপে। টাইব্রেকারে হেরে যায় দেশমের দল। তবে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের জয়ের ম্যাচে চতুর্থ গোলটি করে সব অনিশ্চয়তার ইতি টেনে দিয়েছিলেন এই ফরোয়ার্ডই।
