২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের ড্রেসিং রুমে সমস্যার গুঞ্জন উড়িয়ে দিলেন অধিনায়ক

তবে কঠিন মৌসুমে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে এবং সব সামলে সাফল্যের পথে ফেরার ব্যাপারে আশাবাদী ফন ডাইক।

লিভারপুলের ড্রেসিং রুমে সমস্যার গুঞ্জন উড়িয়ে দিলেন অধিনায়ক
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 10:28 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

মাঠে দলের অধারাবাহিক পারফরম্যান্স ও অনাকাঙ্ক্ষিত সব ফলের কারণে লিভারপুলের ড্রেসিং রুমে সমস্যা নাকি ক্রমেই বাড়ছে। আগের একতা নষ্ট হয়ে গেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। তবে এসবের কিছুই সত্য নয় বলে জানিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

চলতি মৌসুম লিভারপুলের জন্য একদমই প্রত্যাশিত কাটছে না। পারফরম্যান্সে ওঠানামা ভীষণ ভোগাচ্ছে তাদের। বিশেষ করে ঘরোয়া ফুটবলে একের পর এক হোঁচট খাচ্ছে দলটি। লিগ কাপে যেমন আগেভাগেই ছিটকে গেছে তারা।

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা আশাব্যঞ্জক হলেও, সেখানেও পথ হারাতে সময় নেয়নি লিভারপুল। লিগে গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জয়ের আগে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য ছিল তারা।

টানা বাজে পারফরম্যান্সের কারণে কোচ আর্না স্লটকেও সইতে হচ্ছে সমালোচনা। তবে এর প্রভাব কোচ-খেলোয়াড়দের সম্পর্কে পড়েনি, দাবি ফন ডাইকের।

“খেলোয়াড়দের ক্ষেত্রেও বিষয়টা একইরকম-পারফর্ম করতে না পারলে সমালোচিত হতে হবে এবং এটা খেলার অংশ। আমাদের পারফর্ম করতে হবে, যা আমরা ধারাবাহিকভাবে করতে পারিনি। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়ে আমাদের প্রতি তিন-চার দিনে কথা বলতে হয়।”

“গত শনিবারের পারফরম্যান্স ভালো ছিল এবং গত সপ্তাহের মাঝের সময়েও (চ্যাম্পিয়ন্স লিগে কারাবাখের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল তারা)। এখন ম্যানচেস্টার সিটি ম্যাচ নিয়ে আমাদের কাজ করার পালা এবং আবার ভালো পারফর্ম করা।”

সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখা বা বলা কোনোকিছুকে গুরুত্ব দেওয়া একদমই উচিত নয় বলে মনে করেন এই ডাচ ডিফেন্ডার।

“মূল বিষয় হলো, আমরা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারিনি। এটা তো সত্যি। ফলে সমালোচনা হবেই এবং আমাদের তা মেনে নিতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।”

“আমার মনে হয় না, দলে সবার মধ্যে একতা নিয়ে কোনো প্রশ্ন আছে। ঐক্যে কোনোরকম ঘাটতি আছে বলে আমি করি না। অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে এবং সবাইকে কিছু (কঠিন) পরিস্থিতি বিভিন্ন উপায়ে সামলাতে হচ্ছে।”

গত ডিসেম্বরে অবশ্য লিভারপুলের ড্রেসিং রুমের একটা সমস্যা প্রকাশ্যে চলে আসে। প্রকাশ্যে কোচ স্লটের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন মোহামেদ সালাহ। এজন্য শাস্তিস্বরূপ স্কোয়াড থেকে বাদও পড়েন তিনি। 

তবে সেই সমস্যা মিটে গেছে বলেই ধারণা করা যায়। শুরুর একাদশে আবার নিয়মিত হয়ে উঠেছেন মিশরের ফরোয়ার্ড এবং তার পারফরম্যান্সে কোচও সন্তুষ্টির কথা জানিয়েছেন একাধিকবার। 

লিভারপুলের লিগ শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষই হয়ে গেছে। ২৪ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়েছে ১৪ পয়েন্টে।

প্রিমিয়ার লিগে আগামী রোববার সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে লিভারপুল। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভিন্নরূপে দেখা যাচ্ছে স্লটের দলকে। প্রাথমিক পর্বের সবশেষ তিন ম্যাচসহ, আট ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউটে পর্বে উঠেছে অ্যানফিল্ডের দলটি।