Published : 14 May 2026, 10:37 AM
ক্যারিয়ারে দৃষ্টিননন্দন ও চোখধাঁধানো গোল কতই তো করেছেন লিওনেল মেসি। এবার যে গোলটি করলেন, সেটি খুবই বিরল। যতটা না তিনি করলেন, এর চেয়ে বেশি বরং ‘করে ফেললেন।’ একদম পায়ে সঁপে দেওয়া হলো তাকে উপহার। তিনিও লুফে নিলেন সাদরে। ধারাভাষ্যকার বললেন, “কত বিচিত্রভাবে যে গোল করতে পারেন এই মানুষটি!’
সেটি ছিল ম্যাচে মেসির প্রথম গোল। পরে করেছেন আরেকটি গোল, সেটি তার নিজের মতোই দারুণ। বল জালে পাঠিয়েছিলেন ম্যাচের শুরুর দিকেও, তবে সেটি ছিল অফ সাইড।
দুই গোল করার পাশাপাশ গোলে সহায়তাও করেছেন মেসি। মেজর লিগ সকারের রোমাঞ্চকর ম্যাচে সিনসিনাটি এফসিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
৭৮ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল মায়ামি। পরের সময়টায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে জয় আদায় করে নেয় তারা।
মেসির ক্যারিয়ারে এমনিতে ফর্মহীনতা বলে কিছু কখনও সেভাবে ছিলই না। কম-বেশি পারফর্ম করেন তিনি বরাবরই। তবে বিশ্বকাপের আগে আগে তার এমন পারফরম্যান্স আর্জেন্টিনার জন্য সুখবর।
মেসির জোড়া গোলের সঙ্গে মায়ামির হয়ে গোল করেন হার্মান বের্তেরামে ও মাতেও সিলেভেতি। শেষ গোলটি আত্মঘাতী।
সিনসিনাটির মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই বের্তেরামের কাছ থেকে বল পেয়ে আলতো শটে জালে পাঠান মেসি। তবে অফসাইডের পতাকা উঠে যায় দ্রুতই। মেসির হাসিতে ফুটে ওঠে, তিনিও তা জানতেন।
গোল পেয়ে যান তিনি ২৪তম মিনিটে। বক্সের বাইরে থেকে চমৎকারভাবে বক্সে মেসির দিকে বল বাড়ান রদ্রিগো দে পল। ছুটে গিয়ে সেই বলের নাগাল পান সিনসিনাটির ম্যাট মিয়াজগা। কিন্তু এই সেন্টার ব্যাক অদ্ভুতভাবে কাণ্ড করে বসেন। আলতো করে পাস দেন তিনি মেসিকেই! ওপাশে সিনসিনাটির কেউ ছিল না, বল ক্লিয়ার করার চেষ্টাও ছিল না।
এমন উপহার পেয়ে মেসি কী আর ভুল করেন! স্রেফ হালকা করে পা বাড়ান তিনি। বল ঢুকে যায় জালে।
৪১তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে সিনসিনাটি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়েও যায় তারা।
এরপর আবার দৃশ্যপটে মেসি। গোছানো আক্রমণ থেকে বক্সের মধ্যে জটলার ভেতরই দারুণ পাসে দে পল খুঁজে নেন মেসিকে। বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান মায়ামি অধিনায়ক।
৬৪তম মিনিটে মেসির কাটব্যাক থেকে লুইস সুয়ারেসের শট গোলবারে লেগে বাইরে চলে যায়। এর পরপরই দে পলকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলায় সিনসিনাটিকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ইভ্যান্ডার।
৭৯তম মিনিটে দারুণ গোলে মায়ামিকে আবার সমতায় ফেরান সিলভেতি। বক্সের ভেতর বাঁ পাশে তাকে বল বাড়ান মেসি। সেই বল ধরে দুজনকে কাটিয়ে আরও দুজনের মধ্য য়ে গড়ানো শটে বল জালে জড়ান সিলভেতি।
এরপর মায়ামিকে আরও একটি উপহার দেয় সিনসিনাটি। ৮৪তম বক্সের অনেক বাইরে থেকে ফ্রি কিক নেন মেসি। সেই শটে জোর তেমন ছিল না। সিনসিনাটির গোলকিপারের কাছে বল যাচ্ছিল অনায়াসেই। কিন্তু নিজে দলেরই আগুয়ান ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে তার হাত থেকে ফসকে যায় বল। কাছেই থাকা বের্তেরামে ভুল করেননি গোল করতে।
পরের গোলটিও একরকম গোলকিপারের ভুলেই। সিলভেতির পাস থেকে মেসির শট ডান পাশের গোল পোস্টের ভেতরের দিকে বাঁ পাশের দিকে যাচ্ছিল। বল ধরতে গিয়ে জালে ঢুকিয়ে দেন সিনসিনাটির গোলকিপার।
এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে মায়ামি। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল।
.