২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে হেরে রানার্সআপ বাংলাদেশ

রাউন্ড রবিন লিগের দেখায়ও একইভাবে হেরেছিল বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে হেরে রানার্সআপ বাংলাদেশ
রাউন্ড রবিন লিগে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 06:43 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দ্বিতীয় সেটে এক পর্যায়ে ১০-৯ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি হরসিত-সিফাতরা। তাতে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও শেষ হয়ে যায়। বাংলাদেশকে হারিয়ে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল পাকিস্তান।

ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার ফাইনালে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের দেখায়ও একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

শিরোপা লড়াইয়ের প্রথম সেটে এক পর্যায়ে ৭-৭ সমতায় ছিল বাংলাদেশ, এরপর ছন্দ হারায় তারা। দারুণ সব স্পাইকে, কখনও নিখুঁত টোকায় ফাঁকা জায়গা খুঁজে পয়েন্ট তুলে পাকিস্তান শুরুর সেট জিতে ২৫-২০ এ।

দ্বিতীয় সেটেও বাংলাদেশের শুরুটা ভালো হয়। কয়েকবার লিডও পায় তারা। এক পর্যায়ে বাংলাদেশ এগিয়ে যায় ১০-৯ পয়েন্টে। কিন্তু এই সেটেও একইভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মলিন হতে থাকে রাতুলদের পারফরম্যান্স। ২৫-১৬ পয়েন্টে জিতে পাকিস্তান শিরোপার পথে এগিয়ে যায় অনেকটাই।

আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু পারেনি দল; লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যায় ২৫-২০ পয়েন্টে। 

রানার্সআপ হওয়া বাংলাদেশ এই টুর্নামেন্ট শেষ করল সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হার নিয়ে। 

উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে রাউন্ড রবিন লিগ শুরুর পর, পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ। এরপর কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তারা। সেমি-ফাইনালে ফের উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।