১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে সমর্থকদের মন জয় করতে চায় জার্মানি

দলের ওপর থেকে ভক্ত-সমর্থকদের হারানো বিশ্বাস ফেরানোর লক্ষ্য জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কার।

বিশ্বকাপে সমর্থকদের মন জয় করতে চায় জার্মানি
বিশ্বকাপের আগে অনুশীলনে জার্মানি দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 09:09 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

পরপর দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত হয়তো শুকিয়ে গেছে, কিন্তু যন্ত্রণা তো সহজে ভোলা যায় না! গত দুই আসরের ভুল শুধরে নিতে তাই দৃঢ়প্রতিজ্ঞ জার্মানি। দলটির মিডফিল্ডার লেয়ন গোরেটস্কার মনে হচ্ছে, দলের ওপর থেকে সমর্থকরা কিছুটা বিশ্বাস হারিয়েছে, আর সেটি ফেরানোই আসন্ন বিশ্বকাপে তাদের লক্ষ্য।

চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি সবশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালের ব্রাজিল আসরে। ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার আসরে তাদের পথচলা থেমে যায় গ্রুপ পর্বে।

এখন পর্যন্ত এই দুটি বিশ্বকাপেই খেলেছেন গোরেটস্কা। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ নিয়ে লক্ষ্যের কথা শোনালেন বায়ার্ন মিউনিখের ৩১ বছর বয়সী মিডফিল্ডার।

“অবশ্যই, আমরা ভুল শুধরে নিতে চাই। স্মৃতিগুলো এখন আর আমাদের তেমন পীড়া দেয় না, কিন্তু এটা সত্যি যে, উচ্ছ্বাসের অনুভূতি এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক হয়তো এই মুহূর্তে ঠিক আগের মতো নেই। তারা আমাদের ওপর থেকে কিছুটা বিশ্বাস হারিয়েছে এবং আমরা আবার তাদের মন জয় করতে চাই। ব্যক্তিগতভাবে এটাই আসলে আমার সবচেয়ে বড় প্রেরণা, পুরো দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”

“নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত এবং নেওয়া যেতেই পারে, তবে এখন সেগুলো নিয়ে পড়ে থাকলে আমাদের কোনো লাভ হবে না। আমরা কেবল সামনের দিকে তাকাতে এবং আমাদের সামনে থাকা সুযোগটি কাজে লাগাতে চাই। আমরা জানি, আমাদের ভালো একটি দল আছে।”

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জার্মানিকে বিশ্বকাপে ফেভারিটদের কাতারে রাখার লোক হয়তো খুব বেশি পাওয়া যাবে না। গোরেটস্কাও নিজেদের শক্ত ফেভারিট হিসেবে দেখছেন না। তবে দলের সবাই ফিট থেকে সামর্থ্যের সবটা দিতে পারলে তারা অনেক দূর যেতে পারবেন বলেই বিশ্বাস তার। 

“পরিস্থিতিটা আগের টুর্নামেন্টগুলোর চেয়ে সত্যিই কিছুটা আলাদা। সত্যি বলতে, আমার মনে হয় না আমরা শক্ত ফেভারিটদের মধ্যে থাকব। তারপরও ফুটবলপ্রেমী জাতি হিসেবে আমাদের ওপর অনেক বেশি প্রত্যাশা আছে এবং সেটা ঠিকই আছে। আমাদের দলে কয়েকজন শীর্ষ তারকা আছে এবং আমি বিশ্বাস করি, আমরা সবাই যদি ফিট ও ফর্মে থাকি, তাহলে এই বিশ্বকাপে আমরা অনেক কিছু অর্জন করতে পারব।”

“টুর্নামেন্ট চলাকালীন যদি আমরা দল হিসেবে আরও উন্নতি করতে পারি, তাহলে আমাদের সাফল্যের কোনো সীমা থাকবে না। কিন্তু নিজেদেরকে শক্ত ফেভারিট হিসেবে দেখছি না।”

আগামী রোববার নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউলিয়ান নাগেলসমানের দল। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোত দি ভোয়া ও একুয়েডর।