২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে মালদ্বীপ ম্যাচ, পরে ভবিষ্যৎ ভাবনা’, বললেন কাবরেরা

আসছে ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে হাভিয়ের কাবরেরার, তবে এ নিয়ে এখন ভাবতে চাইছেন না জাতীয় ফুটবল দলের কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

এ বছরের পরিসংখ্যান মোটেই পক্ষে নেই হাভিয়ের কাবরেরার। ছয় ম্যাচের মধ্যে জয় মাত্র একটি। এমন বিবর্ণ পরিসংখ্যানের কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই স্প্যানিশ কোচের পথচলা আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে না তো? কাবরেরা অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবছেন না। তার ভাবনা কেবল মালদ্বীপের বিপক্ষে আসছে দুই প্রীতি ম্যাচ ঘিরে।

মালদ্বীপের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আগামী ডিসেম্বরে বাফুফের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে কাবরেরার। তার আগে এই দুটি ম্যাচ তার জন্য ‘শেষ’ সুযোগ। তিন বছর ধরে জাতীয় দলের ডাগআউটে থাকা এই কোচও তাকিয়ে আছেন মালদ্বীপের বিপক্ষের ম্যাচ দুটির দিকে।

“দুইটা ম্যাচ থেকে যদি আমরা কিছু অর্জন করতে পারি, তাহলে সেটা চুক্তির ক্ষেত্রে বিষয়টা আরেকটু সহজ করতে পারে। এরপর প্রয়োজনীয় আলাপগুলো করব। অনেক কিছু আলোচনা করার আছে, এটা আসলে দীর্ঘ আলাপের বিষয়। তবে, আমি গত তিন বছর ধরে দায়িত্ব পালন করছি; এতে আমি গর্বিত। অনেক জায়গায় ছেলের উন্নতি করেছে এবং অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে বলে মনে করি আমি। তবে এ মুহূর্তে আমার পুরো মনোযোগ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ নিয়ে।”

এ বছর কেবল ভুটানের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। বাকি পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ; এই ম্যাচগুলোতে কাবরেরার দলকে লড়তে হয়েছে ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে। অবশ্য ভুটানের বিপক্ষে খেলা দুই ম্যাচের একটিতে হারের তেতো স্বাদও পেতে হয়েছিল বাংলাদেশকে। পরিসংখ্যানের পাতায় কেবল হার-জয়ের সংখ্যা নয়, প্রতিপক্ষের শক্তির দিকটিও তুলে ধরলেন তিনি।

“এই জায়গাটাতে প্রতিপক্ষ খুব গুরুত্বপূর্ণ, বলে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। এ বছর আমরা যাদের বিপক্ষে খেলেছি, তাদের বিপক্ষে বলের নিয়ন্ত্রণে আমরা সেভাবে ছিলাম না, ২০২৩ সালে আমরা অনেক বেশি গোল করেছি, কেননা, আমরা ওই সময় বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিলাম। তাছাড়া আপনি যখন শক্তিশালী দল অস্ট্রেলিয়া, ফিলিস্তিনের বিপক্ষে খেলবেন, তখন আপনার পক্ষে সুযোগ তৈরি করা খুব কঠিন।”

“অন্য দলগুলোর বিপক্ষে আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। তবে আমি চেষ্টা করছি, ছেলেরা যেন অনুভব করে যে তাদের গোল করার সামর্থ্য আছে। আরও ভালো পারফরম করার ব্যাপারে ছেলেরা খুব ইতিবাচক থাকে।”

দলের মনোভাব কতটা ইতিবাচক হলো, তা প্রমাণ মিলবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচেই। ফর্টিস একাডেমির বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচ, ফরোয়ার্ডদের গোল পাওয়া, সব মিলিয়ে কাবরেরার দল নিয়ে দারুণ আশাবাদী।

“দলের অবস্থা ভালো; সবাই খুব ইতিবাচক আছে। দলকে আমার কাছে খুব ইতিবাচক দেখাচ্ছে। আমরা সাতটা ট্রেনিং সেশন করেছি, দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, আমি দলের মধ্যে খুবই ইতিবাচক এনার্জি দেখতে পেয়েছি এবং সবার ভেতরে দেখা যাচ্ছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ভালো করার মানসিকতা।” 

“শেষ দিকের দুটি প্রস্তুত ম্যাচে আমরা গোল চারটা গোল করেছি, যেটা খুবই ভালো ব্যাপার এবং আমাদের জন্য ভালো ব্যাপার যেটা দলের, বিশেষ করে আক্রমণভাগে যারা আছে, তাদের আত্মবিশেষ বাড়িয়েছে। আমরা বিশ্বাস করি, নিজেদের মাঠে দল সবসময় ভালো পারফর্ম করে এবং আমরা ভালো করতে পারব মালদ্বীপের বিপক্ষে।”