০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের চোট শঙ্কা উড়িয়ে দিলেন ফ্লিক

বার্সেলোনা কোচ বললেন, সতর্কতার অংশ হিসেবে আলাদা অনুশীলন করেছেন তরুণ ফরোয়ার্ড।

ইয়ামালের চোট শঙ্কা উড়িয়ে দিলেন ফ্লিক
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 07:28 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ভালেন্সিয়া ম‍্যাচের আগে হঠাৎ লামিন ইয়ামালকে নিয়ে শঙ্কা। প্রশ্ন উঠেছে, কেন একা অনুশীলন করছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড? খুব গভীরে না গিয়ে ছোট্ট উত্তরে চোট শঙ্কা উড়িয়ে দিয়ে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, পরের ম‍্যাচে খেলবেন ইয়ামাল। 

লা লিগার ম‍্যাচে রোববার ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। এর আগের দিন ফ্লিকের সংবাদ সম্মেলন শুরু হলো ইয়ামালের ফিটনেস নিয়ে প্রশ্ন দিয়ে।  

“সে পরে অনুশীলন করেছিল। আগামীকালকের ম‍্যাচের জন‍্য সে ঠিক থাকবে। 

“লামিন আজ কেন একা অনুশীলন করেছে? তার ছোট একটু সমস‍্যা ছিল। কম গতিতে অনুশীলন করা তার জন‍্য ভালো ছিল। তবে আগামীকালের ম‍্যাচের জন‍্য সে পুরোপুরি ঠিক আছে।”

ভালেন্সিয়াকে হারিয়ে রেয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনার সামনে। একই সঙ্গে এই সপ্তাহে চ‍্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করবে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। এই সময়ে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো শুরু করবেন ফ্লিক?

“আমরা দেখব লামিনের জন‍্য সেরা সিদ্ধান্ত তাকে বিশ্রাম দেওয়া, নাকি নয়। নিজের সেরা অবস্থায় ফিরতে এবং মানসিক শক্তি বাড়াতে ঘরের মাঠে তার ৯০ মিনিট খেলা গুরুত্বপূর্ণ ছিল। সে শেষ ম‍্যাচে খুব ভালো খেলেছে। আপনারা আগামীকাল শুরুর একাদশ দেখবেন।”