২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসে নেইমার-ভিনিসিউসদের একচুলও ছাড় দেবেন না আনচেলত্তি

বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট থাকতে হবে, জানিয়ে দিলেন ব্রাজিল কোচ।

ফিটনেসে নেইমার-ভিনিসিউসদের একচুলও ছাড় দেবেন না আনচেলত্তি
নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

শারীরিকভাবে পুরোপুরি ফিট হলেই কেবল খুলবে জাতীয় দলের দুয়ার- চোটপ্রবণ নেইমারকে নিয়ে নিজের আগের ভাবনাতেই অটল আছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করে নিতে শুধু নেইমার নন, যেকোনো খেলোয়াড়কেই শতভাগ ফিট থাকতে হবে, স্পষ্ট জানিয়ে দিলেন ব্রাজিল কোচ।

গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকে কয়েক দফায় চোট সমস্যায় পড়েছেন ৩৩ বছর বয়সী নেইমার। সম্প্রতি ব্রাজিলের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ফিটনেসের ক্ষেত্রে খেলোয়াড়দের কোনো ছাড় দেবেন না তিনি। 

“তাকে (নেইমার) শতভাগ ফিট থাকতে হবে। অনেক ভালো খেলোয়াড় আছে, আমাকে শতভাগ ফিট খেলোয়াড় বেছে নিতে হবে। শুধু নেইমার নয়, ভিনিসিউসও (জুনিয়র) হতে পারে। যদি ভিনিসিউস ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি আরেকজন খেলোয়াড়কে ডাকব, যে শতভাগ ফিট, কারণ দলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি, বিশেষ করে আক্রমণভাগে। আক্রমণভাগে আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে।”

গত মে মাসে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তির ঘোষিত কোনো দলে নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই সময়ে ব্রাজিল খেলেছে আটটি ম্যাচ। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে থাকার সময় এসিএল চোটে পড়ার পর থেকে, আর দেশের হয়ে খেলতে পারেননি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। 

সুস্থ হয়ে ফেরার পর পূর্ণ ফিটনেস ফিরে পেতেই নতুন চোটের ছোবল- দীর্ঘদিন ধরে এটাই হয়ে আছে তার জীবনের গল্প। তবে সব বাধা পেরিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে আগামী বছরের বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে আছেন তিনি।