১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে চান না পিএসজি কোচ

শিরোপার লড়াইয়ে মিশরের ক্লাব পিরামিডসকে প্রতিপক্ষ হিসেবে চান লুইস এনরিকে।

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে চান না পিএসজি কোচ
লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান না লুইস এনরিকে। শিরোপা লড়াইয়ের মঞ্চে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মিশরের পিরামিডসের বিপক্ষে খেলতে চান পিএসজি কোচ।

কাতারের আল রায়ানে আগামী বুধবার হবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় আসরের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে সরাসরি খেলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি।

‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে গত বুধবার কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-১ গোলে হারায় কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো। ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে আগামী শনিবার পিরামিডসের মুখোমুখি হবে তারা। এই লড়াইয়ের বিজয়ীরা খেলবে ফাইনালে, যেখানে অপেক্ষায় পিএসজি।

ফাইনাল নিয়ে আলোচনার সময় প্রতিপক্ষ হিসেবে নিজের চাওয়ার কথা বলেন এনরিকে।

“আমি প্রতিপক্ষ হিসেবে পিরামিডসকে চাইব, যাদের সম্পর্কে আমি জানি না, তবে তারাও আমাদের হারাতে পারে। তবে আমি ফ্ল্যামেঙ্গোকে চাই না, এটা পরিষ্কার।”

গত জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসিকে ৩-১ গোলে হারায় ফ্ল্যামেঙ্গো। কিন্তু শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে ছিটকে পড়ে তারা। আর পরে ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি।

গত নভেম্বরের শেষ দিকে পালমেইরেসকে ১-০ গোলে হারিয়ে কোপা লিবের্তাদোরেস শিরোপা জেতে ফ্ল্যামেঙ্গো। এর চার দিন পর তারা ঘরে তোলে ব্রাজিলিয়ান সেরি আর শিরোপা।

আতলেতিকো মাদ্রিদ ও চেলসির সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইসের কোচিংয়ে দারুণ ছন্দে আছে ফ্ল্যামেঙ্গো। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন এই ব্রাজিলিয়ান।

ফ্ল্যামেঙ্গোর শক্তি-সামর্থ্য সম্পর্কে ভালোই জানা এনরিকের। তাই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তাদের এড়াতে চান তিনি।

“হ্যাঁ, হ্যাঁ, তাদের (ফ্ল্যামেঙ্গো) আমরা দেখেছি। আমরা তাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করিনি, তবে তাদের সম্পর্কে জানি। গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে তাদের দেখেছি। মানসম্পন্ন, অভিজ্ঞ খেলোয়াড় ও একজন দারুণ কোচ নিয়ে তারা দুর্দান্ত একটি দল।”