দ্রুততম 'সেঞ্চুরি’ করে পরের সেঞ্চুরিতে তাকিয়ে কেইন
আরিয়েন রবেনের রেকর্ডকে অবিশ্বাস্যভাবে ৪১ ম্যাচ পেছনে ফেলে এই কীর্তি গড়লেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড।
দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ আগেই। তবু একটু খামতি ছিল হ্যারি কেইনের। অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কিন্তু কয়েকটি সুযোগ পেয়েও গোল পাচ্ছিলেন না। অবশেষে তিনিও জালের দেখা পেলেন শেষ মুহূর্তে। সেই গোলেই তার ধরা দিল দারুণ এক মাইলফলক। একটি সেঞ্চুরি স্পর্শ করলেন তিনি আগের রেকর্ড অনেকটা পেছনে ফেলে।
বুন্ডেসলিগায় হাইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে বছর শেষ করল বায়ার্ন মিউনিখ। চোটাঘাত ও নানা কারণ মিলিয়ে প্রথম পছন্দের একাদশের বেশ কজনকে ছাড়া একাদশ সাজালেও বড় জয়েই মাঠ ছাড়ে তারা। পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্ট এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিসে। ৮৬তম মিনিটে গোল করেন লুইস দিয়াস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন কেইন।
বুন্ডেসলিগায় তার ৮১তম গোল এটি। এছাড়া সহায়তা করেছেন ১৯টি গোলে। বুন্ডেসলিগায় গোল করা ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোলে অবদান রাখলেন তিনি স্রেফ ৭৮ ম্যাচ খেলেই। দ্রুততম ১০০ গোলে অবদানের আগের রেকর্ডটি স্রেফ গুঁড়িয়ে দিলেন ইংলিশ ফরোয়ার্ড।
জার্মানির শীর্ষ লিগে গোলে অবদানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আগে ছিল আরিয়েন রবেনের। সাবেক ডাচ উইঙ্গারের লেগেছিল ১১৯ ম্যাচ।
বায়ার্নের জার্সিতেও আগেও বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছেন কেইন। নতুন অর্জনেও তিনি আপ্লুত। যদিও বলছেন, রেকর্ড নিয়ে খুব একটা ভাবনা থাকে না তার। ৩২ বছর বয়সী তারকা তবু তাকিয়ে পরের একশতে।
“শেষ পর্যন্ত গোলটি করতে পারায় ভালো লেগেছে। আগেও কয়েকটি সুযোগ পেয়েছি, কাজে লাগাতে না পেরে বিরক্ত ছিলাম। পরে একটি অন্তত পেরেছি।”
“অবশ্যই খুবই গর্বিত (রেকর্ড নিয়ে)। প্রতিটি দিনের যে নিবেদন… সতীর্থরা, সাপোর্ট স্টাফদের কথাও বলতে হবে, যারা আমাকে আরও ভালো করে তোলে ও উন্নতি সহায়তা করে। আমি এসব রেকর্ডের দিকে অবশ্য খুব একটা তাকাই না। তবে যখন তা ধরা দেয়, ভালো লাগে এবং পরের অর্জনে তাকাতে ভালোবাসি। কাজেই দেখা যাক, পরের একশ কত দ্রুত করতে পারি।”
অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা স্ট্রাইকার এবারের লিগে ১৫ ম্যাচেই করে ফেললেন ১৯ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল এখন ২৫ ম্যাচে ৩০টি।
