Published : 16 Dec 2025, 09:38 PM
একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে খোঁচা দিলেন আতলেতিকো মাদ্রিদের সাবেক মিডফিল্ডার সাউল নিগেস। বর্তমানে ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলা এই স্প্যানিয়ার্ডের দাবি, ইউরোপের সফলতম ক্লাবটির চেয়েও বড় ব্রাজিলিয়ান দলটি। তার মতে, রেয়ালের সত্যিকার অর্থে কোনো সমর্থকগোষ্ঠী নেই।
১১ বছর বয়সে রেয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেওয়া নিগেস পরে পাড়ি জমান আতলেতিকো মাদ্রিদে। ক্লাবটির যুব দল হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। তাদের মূল দলের হয়ে খেলেন দীর্ঘ এক যুগ।
গত জুলাইয়ে ফ্ল্যামেঙ্গোয় নাম লেখান নিগেস। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে বুধবার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো। গত নভেম্বরের শেষ দিকে পালমেইরেসকে ১-০ গোলে হারিয়ে কোপা লিবের্তাদোরেস শিরোপা জেতে দলটি। এর চার দিন পর তারা ঘরে তোলে ব্রাজিলিয়ান সেরি আর শিরোপা।
ফাইনালের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর সঙ্গে আলাপে ফ্ল্যামেঙ্গোর অনেক প্রশংসা করেন নিগেস। তাকে জিজ্ঞেস করা হয় ফ্ল্যামেঙ্গো কি রেয়াল মাদ্রিদের মতো? তখন দুই ক্লাবের পার্থক্য তুলে ধরেন তিনি।
“এটা (ফ্ল্যামেঙ্গো) মাদ্রিদের চেয়েও বেশি কিছু। সত্যি বলতে মাদ্রিদের কোনো সমর্থকগোষ্ঠী নেই। মাদ্রিদ বিখ্যাত, যা কিছু তারা জিতেছে, সেজন্য। বিশ্বব্যাপী পরিচিতির কারণে এর সমর্থক রয়েছে। কিন্তু আপনি তাদের স্টেডিয়ামে যান, আপনার কোনো অনুভূতি হবে না। অন্যদিকে, আপনি মারাকানাতে (ফ্ল্যামেঙ্গোর ঘরের মাঠে) যান, আইকনিক স্টেডিয়াম এবং এটা সবসময় (দর্শকে) পূর্ণ থাকে। আমাদের অ্যাওয়ে ম্যাচেও স্টেডিয়াম ফ্ল্যামেঙ্গো ভক্তদের দ্বারা পরিপূর্ণ থাকে।”
“আমরা সম্প্রতি স্পোর্ত রেসিফের বিপক্ষে খেলেছি এবং তারা আমাদের অন্য একটি স্টেডিয়ামে পাঠিয়েছিল, কারণ আমাদের ভক্তদের স্টেডিয়ামে জায়গা হতো না। সেখানে সাড়ে তিন ঘন্টার বিমান ভ্রমণের কথা বলছি। আপনি লিমায় যান, আমাদের ভক্তরা সেখানে শতভাগ পূর্ণ করে রাখে। বলতে পারেন, ‘এখন এখানে দুর্দান্ত সমর্থকগোষ্ঠী আছে।’”