২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে সুসংবাদ দিলেন আনচেলত্তি

তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে আশার বানী শুনিয়েছেন ব্রাজিলের কোচ।

নেইমারকে নিয়ে সুসংবাদ দিলেন আনচেলত্তি
অনুশীলনে হাস্যোজ্জ্বল নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 11:55 AM

Updated : 11 Sep 2026, 03:27 PM

পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার শেষ দিকে আছেন নেইমার। শিগগিরই তাকে দেখা যেতে পারে ব্রাজিলের জার্সিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা করছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শনিবার বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা গ্রুপের প্রথম ম্যাচের মতো এদিনও নেইমারকে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় দলের সঙ্গেই যাননি তিনি।

বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংশপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। একের পর এক চোটের থাবায় প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তিনি।

এখন সেরে উঠে মাঠে ফেরার খুব কাছেই আছেন নেইমার। গত বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে কেবল ইনডোরেই অনুশীলন করছিলেন তিনি।

হাইতি ম্যাচের পর আনচেলত্তি জানালেন, আরও দুয়েক দিন এভাবে অনুশীলন চালিয়ে যাবেন নেইমার। এরপর পুরোদমে শুরু করবেন দলীয় অনুশীলন।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে পেতে আশাবাদী আনচেলত্তি।

“নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।”

২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন নেইমার। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে স্রেফ চারটি ম্যাচ খেলে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলের সফলতম গোলদাতা।